পলাতক ও দণ্ডিত আসামিদের বক্তব্য প্রচারে এনসিএসএর সতর্কতা

Nov 18, 2025 - 14:45
 0  2
পলাতক ও দণ্ডিত আসামিদের বক্তব্য প্রচারে এনসিএসএর সতর্কতা

মেঘনাবার্তা প্রতিনিধি:
দেশের বিভিন্ন ডিজিটাল ও ইলেকট্রনিক প্ল্যাটফর্মে পলাতক ও দণ্ডিত আসামিদের দেওয়া মিথ্যা বক্তব্য প্রচারের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি (এনসিএসএ)। সংস্থাটি সতর্ক করেছে, এ ধরনের প্রচার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (১৭ নভেম্বর) রাতে দেওয়া এক বিবৃতিতে এনসিএসএ জানায়, গত এক সপ্তাহ ধরে এসব মিথ্যা বক্তব্য জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলা ক্ষুণ্ণ করছে। কিছু ডিজিটাল বা ইলেকট্রনিক মাধ্যম ঘৃণামূলক বা জাতিগত বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করছে, যা সহিংসতা ও বিশৃঙ্খলার আশঙ্কা তৈরি করছে।

এনসিএসএ আরও জানায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় দিয়েছে। ১৭ নভেম্বর ২০২৫ তারিখে দুটি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে। ৪৫৩ পৃষ্ঠার রায়ে বলা হয়েছে, শেখ হাসিনা সহ তিন আসামির অপরাধ প্রমাণিত।

এনসিএসএ-এর বিবৃতিতে বলা হয়, দেশের আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এবং পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য ও বিবৃতির প্রচার দেশের সামাজিক স্থিতিশীলতা নষ্ট করছে। এ ধরনের বক্তব্য সহিংসতার আহ্বানমূলক হওয়ায় বিশৃঙ্খলা, নাশকতা ও অপরাধমূলক কর্মকাণ্ডে প্ররোচনা দিচ্ছে।

সাইবার সিকিউরিটি অর্ডিন্যান্স ২০২৫-এর ধারা ২৬ অনুযায়ী, কেউ যদি উদ্দেশ্যপ্রণোদিতভাবে, জেনে-বুঝে বা ভুয়া পরিচয়ে সাইবার জগতে ঘৃণামূলক বক্তব্য প্রচার করে, যা সহিংসতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করে, তা অপরাধ হিসেবে গণ্য হবে। অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড বা ১০ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে।

এনসিএসএ সংশ্লিষ্ট পক্ষকে সতর্ক করে জানিয়েছে, পরিস্থিতি অনুযায়ী আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা প্রয়োজনীয় তথ্য বা বক্তব্য অপসারণ, ব্লক বা স্থানান্তরের ব্যবস্থা নিতে পারবে। প্রয়োজনে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-কেও পদক্ষেপ নিতে বলা যেতে পারে।

এমবি/এসআর