শেখ হাসিনার রায়ের দিন কেন বন্দরের চুক্তি স্বাক্ষর: আব্দুন নূর তুষার

ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল (পিআইটিসি) পরিচালনা ও ব্যবস্থাপনা এবং চট্টগ্রাম বন্দরে লালদিয়া কনটেইনার টার্মিনাল বাস্তবায়নে ইউরোপের দুই দেশের দুই প্রতিষ্ঠান সরকারের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে।

Nov 18, 2025 - 15:53
 0  3
শেখ হাসিনার রায়ের দিন কেন বন্দরের চুক্তি স্বাক্ষর: আব্দুন নূর তুষার
ছবি, সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল (পিআইটিসি) পরিচালনা ও ব্যবস্থাপনা এবং চট্টগ্রাম বন্দরে লালদিয়া কনটেইনার টার্মিনাল বাস্তবায়নে ইউরোপের দুই দেশের দুই প্রতিষ্ঠান সরকারের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। ১৭ নভেম্বর সোমবার এই চুক্তি স্বাক্ষরের দিনই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানকেন্দ্রিক মানবতাবিরোধী মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করে।

দুটি ঘটনাই একই দিনে হওয়ায় বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়েছে। তার মধ্যে জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব আব্দুন নূর তুষারও রয়েছেন। তিনি টেলিভিশনের এক টকশোতে প্রশ্ন তুলেছেন, কেন রায়ের দিনই বন্দরের চুক্তি স্বাক্ষর হলো এবং এ জন্য কিছু সময় অপেক্ষা করা যায়নি।

আব্দুন নূর তুষার বলেন, “রায় হচ্ছে একদিকে, আরেকদিকে ঢাকাতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হচ্ছে। আজকের দিনেই বন্দরের চুক্তি স্বাক্ষর করা হয়েছে, যার জন্য ২৪-৪৮ ঘণ্টাও অপেক্ষা করা যায়নি। এ ধরনের কাজকর্ম করলে নানা প্রশ্ন ওঠে যা একসময় জটিলতা ও অস্বচ্ছতার জায়গায় পৌঁছে যায়।”

তিনি আরো বলেন, “যখন কোনো ব্যক্তির প্রতি আক্রোশ থাকে, তখন মতবাদের ক্ষতি হয় না, কিন্তু অনুসারীরা নৈতিক মনোবল হারালে তা বড় ক্ষতি। আজকাল অনুসারীদের মধ্যে নৈতিকতার অভাব লক্ষ্য করা যাচ্ছে, যাদের মধ্যে চোর, বাটপার ও ব্যাংক লুটেরা রয়েছে।”

শেখ হাসিনার বিচার প্রক্রিয়া নিয়ে আব্দুন নূর তুষার বলেন, “আওয়ামী লীগের বর্তমান অবস্থা এমন নয় যে তারা বাধা দিতে পারে। অভিযুক্তরা পলাতক, আইনজীবীও পছন্দ মতো নিয়োগ করতে পারেনি। তাই ট্রাইব্যুনাল বাধাহীনভাবেই রায় দিতে পেরেছে।”

তিনি আরও বলেন, “অন্তর্বর্তী সরকার সংস্কারের নামে ভুল করেছিল, এখনো নির্বাচন তারিখ ঘোষণা হয়নি। বিচারের রায় এসেছে, কিন্তু রায় কার্যকর না হওয়া পর্যন্ত বিচার সম্পূর্ণ নয়।”

উল্লেখ্য, এই বন্দরের চুক্তি অনুসারে, কেরানীগঞ্জের পিআইটিসির ২২ বছর মেয়াদি পরিচালনা দায়িত্ব পেয়েছে সুইজারল্যান্ডভিত্তিক মেডলগ প্রতিষ্ঠান। একই সঙ্গে চট্টগ্রাম বন্দরে লালদিয়া কনটেইনার টার্মিনাল নির্মাণে ডেনমার্কভিত্তিক এপিএম টার্মিনালস বিনিয়োগ করছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব) এম সাখাওয়াত হোসেন। তবে চুক্তি স্বাক্ষরের দিনটি এবং বিদেশি প্রতিষ্ঠানকে পরিচালনার দায়িত্ব দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছে।

এমবি এইচআর