সুষ্ঠু নির্বাচন দিতে নির্বাচন কমিশন প্রস্তুত: ইসি সানাউল্লাহ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।
শনিবার (২২ নভেম্বর) সকালে রাজধানীর হোটেল লেকশোর হাইটসে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন (আনফ্রে) আয়োজিত এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।
ইসি সানাউল্লাহ বলেন, “একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন দিতে নির্বাচন কমিশন দৃঢ় প্রতিজ্ঞ। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে অপতৎপরতা ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার আগামী নির্বাচনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।”
তিনি আরও বলেন, “ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে একটি ঐতিহাসিক নির্বাচন, যার মাধ্যমে গণতন্ত্রের পুনঃসূচনা ঘটবে।”
রেকর্ডসংখ্যক আন্তর্জাতিক পর্যবেক্ষক
আন্তর্জাতিক পর্যবেক্ষকদের অংশগ্রহণ প্রসঙ্গে কমিশনার জানান, এবার রেকর্ডসংখ্যক আন্তর্জাতিক পর্যবেক্ষক বাংলাদেশে আসবেন। তারা সবাই প্রত্যক্ষভাবে একটি ঐতিহাসিক নির্বাচনের অংশ হতে চান।
তফসিল ঘোষণার সম্ভাব্য সময়
নির্বাচন কমিশনার সানাউল্লাহ জানান, রোজার আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। আর প্রায় ৬০ দিন আগে তফসিল ঘোষণা করা হবে। যদিও নির্দিষ্ট দিন এখনো নির্ধারিত হয়নি, তবে সম্ভাবনা রয়েছে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই তফসিল প্রকাশের।
এমবি এইচআর

