দেশে আসছেন জুবাইদা রহমান, খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান লন্ডন থেকে ঢাকার উদ্দেশে রওনা হচ্ছেন। সংকটাপন্ন অবস্থায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বিএনপির উচ্চ পর্যায়ের সূত্র।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান লন্ডন থেকে ঢাকার উদ্দেশে রওনা হচ্ছেন। সংকটাপন্ন অবস্থায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বিএনপির উচ্চ পর্যায়ের সূত্র। এ তথ্য প্রকাশ করেছে বিবিসি বাংলা।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, দেশে পৌঁছে জুবাইদা রহমান খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যালোচনা করবেন এবং চিকিৎসকদের অনুমতি মিললে তাকে লন্ডনে নেওয়ার প্রক্রিয়া শুরু হবে। ইতোমধ্যে কাতার জানিয়েছে, প্রয়োজনে তারা এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে প্রস্তুত।
এর আগে অন্তর্বর্তীকালীন সরকার শুক্রবার জুমার নামাজের পর দেশের সব মসজিদে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়ার আহ্বান জানিয়েছে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং বলছে, গত ২৪ ঘণ্টায় খালেদা জিয়ার শারীরিক অবস্থায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নেই। চিকিৎসকদের মতে, তার অবস্থা ‘স্থিতিশীল’ হলেও ঝুঁকি এখনো রয়ে গেছে।
এদিকে বুধবার যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল ঢাকায় পৌঁছে খালেদা জিয়ার চিকিৎসক দলের সঙ্গে যুক্ত হয়েছেন। তার আগে নভেম্বরের শেষে চীন ও যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসকরা ঢাকায় এসে মেডিক্যাল বোর্ডে অন্তর্ভুক্ত হন। অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত এই বোর্ডে জুবাইদা রহমানও রয়েছেন।
গত ২৩ নভেম্বর ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর কিডনি জটিলতা, হৃদরোগ এবং নতুন করে নিউমোনিয়া দেখা দেওয়ায় তার শারীরিক পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। ১ ডিসেম্বর বিএনপির পক্ষ থেকে জানানো হয়—অবস্থার অবনতি হওয়ায় তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়েছে।
এমবি এইচআর

