আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে ডিএমপির ৫০ থানার ওসি বদলি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অধীন ৫০ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে ব্যাপক রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এই পরিবর্তন কার্যকর করা হয়।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ

একই আদেশে ডিএমপির ডিসি পদমর্যাদার আরও ১৪ জন কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। অফিস আদেশে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন এলাকায় কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শকদের জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের নির্ধারিত নতুন স্থানে বদলি বা পদায়ন করা হলো। আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।
এর আগে সারাদেশে ৫২৭ থানায় নতুন ওসি পদায়ন করা হয় লটারির মাধ্যমে। লটারি প্রক্রিয়ায় নির্বাচিত কর্মকর্তাদের তালিকায় ‘প্রস্তাবিত’ হিসেবে উল্লেখ থাকলেও মেট্রোপলিটন এলাকার কোনো থানায় লটারি প্রক্রিয়া প্রযোজ্য হয়নি। এসব থানায় সংশ্লিষ্ট মেট্রোপলিটন কমিশনাররা অভ্যন্তরীণভাবে ওসি পদায়নের দায়িত্ব পালন করছেন।
সারা দেশে বর্তমানে ৬৩৯টি থানা রয়েছে—এর মধ্যে জেলা পর্যায়ে ৫২৭টি এবং মেট্রোপলিটন এলাকায় ১১০টি। রেঞ্জভিত্তিক সাম্প্রতিক ওসি পদায়ন অনুযায়ী—ঢাকা রেঞ্জে ৯৮টি, চট্টগ্রামে ১১১টি, খুলনায় ৬৪টি, ময়মনসিংহে ৩৬টি, বরিশালে ৪৬টি, সিলেটে ৩৯টি, রাজশাহীতে ৭১টি এবং রংপুর রেঞ্জে ৬২ থানায় নতুন ওসি পদায়ন করা হয়েছে।
এমবি এইচআর