জাতীয় নির্বাচনে আবারও ডিসিরাই রিটার্নিং অফিসার

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন জেলা প্রশাসকরা (ডিসি)।

Dec 6, 2025 - 11:07
 0  3
জাতীয় নির্বাচনে আবারও ডিসিরাই রিটার্নিং অফিসার
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন জেলা প্রশাসকরা (ডিসি)। রাজনৈতিক দল, নির্বাচন বিশেষজ্ঞ ও নির্বাচন কমিশনের (ইসি) নিজস্ব কর্মকর্তা—বহু পক্ষই রিটার্নিং অফিসার হিসেবে ইসির কর্মকর্তা নিয়োগের দাবি তুললেও শেষ পর্যন্ত সেই দাবি আমলে নেয়নি নির্বাচন কমিশন। ইসির সিদ্ধান্ত অনুযায়ী এবারও ডিসিরাই থাকছেন রিটার্নিং অফিসারের দায়িত্বে।

ইসি সূত্র জানায়, ১১ ডিসেম্বর তফসিল ঘোষণা এবং ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে যেকোনো একদিন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। আগামীকাল রবিবার কমিশনের সভায় এসব সিদ্ধান্তসহ রিটার্নিং অফিসার নিয়োগের বিষয়টি চূড়ান্ত করা হবে।

ইসির মতে, নিরাপত্তা, মাঠ পর্যায়ের সমন্বয়, প্রশাসনিক দক্ষতা ও অভিজ্ঞতার কারণে ডিসিদের দায়িত্ব দেওয়াই যুক্তিযুক্ত। তবে আন্দোলনরত ইসি কর্মকর্তাদের দাবির প্রেক্ষিতে দু–একটি জেলায় ইসির নিজস্ব আঞ্চলিক/জেলা নির্বাচন কর্মকর্তাকে রিটার্নিং অফিসার করার বিষয়টি বিবেচনায় আছে।

ইসির কর্মকর্তারা বলছেন, তাঁদের মধ্যে জাতীয় নির্বাচন পরিচালনার অভিজ্ঞতা রয়েছে এবং স্থানীয় সরকার নির্বাচন—যা জনবল, ভোটকেন্দ্র ও প্রার্থীসংখ্যার দিক থেকে জাতীয় নির্বাচনের চেয়েও জটিল—তারা সফলভাবে পরিচালনা করেছেন। তা সত্ত্বেও জাতীয় নির্বাচনে তাঁদের ভূমিকা ন্যূনতম পর্যায়ে সীমিত রাখা হচ্ছে।

রাজনৈতিক দলগুলোর মধ্যেও একই দাবি রয়েছে। বিএনপি, জাতীয় পার্টিসহ নানা রাজনৈতিক দল মনে করে, ডিসি–ইউএনওদের ওপর সরকারের প্রভাব থাকায় নির্বাচন নিরপেক্ষ হতে বাধাগ্রস্ত হয়। বিশেষজ্ঞদের মতে, অন্তত কয়েকটি জেলায় পরীক্ষামূলকভাবে ইসির কর্মকর্তাদের দায়িত্ব দিলে স্বচ্ছতা বৃদ্ধি পেতে পারে।

তবে ইসির অভ্যন্তরে দ্বিমত রয়েছে। কমিশনের একাধিক সদস্য মনে করেন, মাঠ প্রশাসনের সঙ্গে কার্যকর সমন্বয় এবং ভোট নিরাপত্তায় ডিসিরাই বেশি দক্ষ। তাই প্রচলিত কাঠামোই বজায় রাখার পক্ষেই কমিশন ঝুঁকছে।

আইন অনুযায়ী, রিটার্নিং অফিসার নিয়োগে বাধ্যতামূলক কোনো নিয়ম নেই। সরকারি কর্মকর্তা বা প্রয়োজন মনে করলে সমাজের যেকোনো ব্যক্তিকেও এ দায়িত্বে নিয়োগ দিতে পারে ইসি। তবু দীর্ঘদিন ধরে জাতীয় নির্বাচনে ডিসিদের ওপরই নির্ভরতা বজায় রেখেছে প্রতিষ্ঠানটি।

এমবি এইচআর