প্রবাসী ভোটার নিবন্ধন ছাড়াল ১ লাখ ৯৩ হাজার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত ১ লাখ ৯৩ হাজার ৮৭৪ জন প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত ১ লাখ ৯৩ হাজার ৮৭৪ জন প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন। শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১১টা পর্যন্ত নির্বাচন কমিশন (ইসি) প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেটে এ তথ্য জানা গেছে।
ইসির তথ্যানুযায়ী, নিবন্ধিত প্রবাসী ভোটারদের মধ্যে ১ লাখ ৭৪ হাজার ৯০৯ জন পুরুষ এবং ১৮ হাজার ৯৬৫ জন নারী রয়েছেন। দেশভিত্তিক নিবন্ধনে সৌদি আরবে ৩৮ হাজার ২৬৯ জন এবং যুক্তরাষ্ট্রে ১৯ হাজার ২৭১ জন প্রবাসী ভোটার রয়েছে। এছাড়া নির্বাচন কমিশন প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময়সীমা বাড়িয়ে ২৫ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করেছে। এর আগে নিবন্ধন প্রক্রিয়া ১৮ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত উন্মুক্ত ছিল।
নির্বাচন কমিশন প্রবাসী ভোটারদের অনুরোধ জানিয়েছে, নিবন্ধনের সময় সঠিক ও পূর্ণাঙ্গ অবস্থানকালীন দেশের ঠিকানা প্রদান করতে হবে। প্রয়োজনে কর্মস্থল বা পরিচিতজনের ঠিকানা ব্যবহার করা যেতে পারে। যদি ভুল ঠিকানা দেওয়া হয়ে থাকে, তবে ৬ ডিসেম্বরের মধ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের ‘এডিট’ মেন্যু ব্যবহার করে তা সংশোধন করতে হবে। সঠিক ঠিকানা ছাড়া পোস্টাল ব্যালট পাঠানো সম্ভব হবে না বলে জানিয়েছে ইসি।
ওসিভি-এসডিআই প্রকল্পের টিম লিডার সালীম আহমদ খান এ তথ্য নিশ্চিত করেছেন। ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আউট অব কান্ট্রি ভোটিংয়ের নিবন্ধন সময়সীমা ২৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়েছে এবং বিশ্বের যে কোনো স্থান থেকে ভোটাররা অ্যাপ ডাউনলোড করে নিবন্ধন করতে পারবেন।
তিনি আরো জানান, সরকারি কর্মকর্তা, আইনি হেফাজতে থাকা ভোটার এবং নিজ এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীদের জন্য ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং (আইসিপিভি) প্রক্রিয়া চালু করা হবে। তপশিল ঘোষণার পর ১৫ দিনের জন্য নিবন্ধন কার্যক্রম পরিচালিত হবে।
গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করেন এবং ১৪৮ নির্দিষ্ট দেশের জন্য ভোটার নিবন্ধনের সময়সূচি ঘোষণা করেন।
নিবন্ধনের জন্য প্রবাসী ভোটারদের তাদের অবস্থানকারী দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করতে হবে। বিদেশে ব্যালট পৌঁছাতে সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা প্রদান আবশ্যক।
এমবি এইচআর

