বিডিআর হত্যাকাণ্ডে নাম আসায় আইজিপি বাহারুলের বরখাস্তের দাবি
বিডিআর হত্যাকাণ্ড নিয়ে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে বর্তমান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের নাম উল্লেখ হওয়ার পর তাকে বরখাস্ত করার দাবি জানিয়ে প্রধান উপদেষ্টার কাছে চিঠি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
বিডিআর হত্যাকাণ্ড নিয়ে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে বর্তমান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের নাম উল্লেখ হওয়ার পর তাকে বরখাস্ত করার দাবি জানিয়ে প্রধান উপদেষ্টার কাছে চিঠি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।
শনিবার (৬ ডিসেম্বর) ন্যাশনাল ল’ ইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান অ্যাডভোকেট এস. এম. জুলফিকার আলী জুনু রেজিস্ট্রি ডাকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে এই চিঠি প্রেরণ করেন।
চিঠিতে উল্লেখ করা হয়, ২০০৯ সালের বিডিআর হত্যাকাণ্ড বাংলাদেশের ইতিহাসে একটি ভয়াবহ অধ্যায়, যেখানে ৫৭ জন সেনা কর্মকর্তা ও বহু সদস্য নির্মমভাবে নিহত হন। এই ঘটনার ন্যায়বিচার এখনো প্রত্যাশিত। সাম্প্রতিক তদন্ত প্রতিবেদনে আইজিপি বাহারুল আলমের নাম আসায় জনআস্থা ও বিচারপ্রতিষ্ঠার স্বচ্ছতায় প্রশ্ন দেখা দিয়েছে।
আইনজীবী উল্লেখ করেন, রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর সর্বোচ্চ পদে থাকা একজন কর্মকর্তার নাম তদন্ত প্রতিবেদনে আসা অত্যন্ত গুরুতর এবং এ অবস্থায় তার দায়িত্বে থাকা তদন্তের নিরপেক্ষতা ও জনবিশ্বাসকে বাধাগ্রস্ত করতে পারে।
চিঠিতে তিন দফা দাবি জানানো হয়েছে—
১. তদন্ত প্রতিবেদনে নাম থাকা আইজিপি বাহারুল আলমকে অবিলম্বে আইজিপি পদ থেকে অব্যাহতি বা বরখাস্ত করা হোক।
২. মামলার ন্যায়বিচার ও তদন্তের স্বচ্ছতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল কর্মকর্তার দায় নির্ণয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক।
৩. স্বাধীন তদন্ত কমিশনের সুপারিশ বাস্তবায়নে সরকারের তাৎক্ষণিক হস্তক্ষেপ কামনা করা হয়েছে, যাতে রাষ্ট্র ও জনগণ ন্যায়বিচারের বাস্তব প্রতিফলন অনুভব করতে পারে।
এমবি এইচআর

