তফসিলের সময় নির্ধারণে রোববার বসছে ইসি
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চূড়ান্ত করতে আগামী রবিবার (৭ ডিসেম্বর) সভায় বসছে নির্বাচন কমিশন (ইসি)। সকাল সাড়ে ১০টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চূড়ান্ত করতে আগামী রবিবার (৭ ডিসেম্বর) সভায় বসছে নির্বাচন কমিশন (ইসি)। সকাল সাড়ে ১০টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সভায় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের সার্বিক প্রস্তুতির অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি পোস্টাল ভোটিংয়ের ব্যালট পেপার পরিবহনের সময় চূড়ান্ত করা হবে। তফসিলকে কেন্দ্র করে ১০টি আলোচ্যসূচি রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে—
-
তফসিল ঘোষণার আগে ও পরে করণীয়
-
ভোটগ্রহণের সার্বিক প্রস্তুতি
-
মাঠপর্যায়ের সর্বোচ্চ সমন্বয়
-
গণভোট আয়োজনের প্রস্তুতি
-
প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ জোরদার
ইতোমধ্যে তফসিল ঘোষণার আগে আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভা ও আন্তমন্ত্রণালয় সভা সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। প্রথা অনুযায়ী, ১০ ডিসেম্বর ইসির সদস্যরা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে সার্বিক প্রস্তুতি জানাবেন। এরপর কয়েক দিনের মধ্যেই প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) তফসিল ঘোষণা করবেন।
সংসদ নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে মাঠ প্রশাসনে বড় ধরনের রদবদল আনা হয়েছে—ডিসি, ইউএনও, এসপি, ওসিসহ গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন করা হয়েছে।
এ বিষয়ে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন,
‘রবিবারের কমিশন সভায় তফসিলের সময়সূচি নিয়ে সিদ্ধান্ত হবে। এরপর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তফসিল চূড়ান্ত করা হবে।’
তিনি আরও জানান, তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের প্রজ্ঞাপন জারি করা হবে। আইন ও বিধি কঠোরভাবে অনুসরণে ইসি এবার জিরো টলারেন্সে থাকবে বলেও জানান তিনি।
এমবি এইচআর

