‘আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতেই হবে’—ইসিকে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “জাতির জন্য প্রতীক্ষিত এ নির্বাচনে আপনারাই চালকের আসনে। আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতেই হবে।”
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “জাতির জন্য প্রতীক্ষিত এ নির্বাচনে আপনারাই চালকের আসনে। আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতেই হবে।”
রোববার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে চার নির্বাচন কমিশনার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় তিনি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের স্বার্থে ইসিকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
প্রধান উপদেষ্টা জানান, অন্তর্বর্তীকালীন সরকার জাতিকে ফেব্রুয়ারির প্রথমার্ধেই ইতিহাসের সেরা নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর। তিনি ইসির চলমান প্রস্তুতিকে যথাযথ ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন।
বৈঠকে সিইসি নাসির উদ্দিন জানান, জাতীয় নির্বাচন ও একই দিনে গণভোট আয়োজনের প্রস্তুতি ইতোমধ্যে চূড়ান্ত পর্যায়ে। তিনি প্রস্তুতিকালে ইসিকে সহযোগিতা দেওয়ার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান এবং আইন–শৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বৈঠকে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ, নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া।
এমবি এইচআর

