ওবায়দুল কাদেরসহ ১৪ সচিবের বিরুদ্ধে দুদকের মামলা

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের নামে অধিগ্রহণকৃত জমি বেআইনিভাবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ফ্ল্যাট নির্মাণ ও দীর্ঘমেয়াদি লিজ প্রদান—এমন অভিযোগে সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৪ সাবেক সচিবের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

Dec 8, 2025 - 19:19
 0  3
ওবায়দুল কাদেরসহ ১৪ সচিবের বিরুদ্ধে দুদকের মামলা
ছবি সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের নামে অধিগ্রহণকৃত জমি বেআইনিভাবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ফ্ল্যাট নির্মাণ ও দীর্ঘমেয়াদি লিজ প্রদান—এমন অভিযোগে সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৪ সাবেক সচিবের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (৮ ডিসেম্বর) দুদকের সহকারী পরিচালক খোরশেদ আলম বাদী হয়ে মামলা করেন। দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের মামলায় আসামি হিসেবে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন—
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, সেতু বিভাগের সাবেক সিনিয়র সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সাবেক সচিব মো. নজরুল ইসলাম, জননিরাপত্তা বিভাগের সাবেক সচিব কামাল উদ্দীন আহমদ, সাবেক বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস, ভূমি মন্ত্রণালয়ের সাবেক সচিব আব্দুল জলিল, পানিসম্পদ মন্ত্রণালয়ের সাবেক সচিব ড. জাফর আহমেদ খান, সাবেক সিএএজি ও সোনালী ব্যাংকের বর্তমান চেয়ারম্যান ড. মোহাম্মদ মুসলিম চৌধুরী, সংসদবিষয়ক বিভাগের সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সমন্বয়ক মিজ জুয়েনা আজিজ, রেলপথ মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. মোফাজ্জেল হোসেন, ইআরডির সাবেক সিনিয়র সচিব কাজী শফিকুল আযম, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব আখতার হোসেন ভূঁইয়া এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সাবেক সচিব ও এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. আবু হেনা মো. রহমাতুল মুনিম।

দুদক সূত্র জানিয়েছে, প্রকল্পের অধিগ্রহণকৃত জমি পুনর্বাসনের পরিবর্তে ক্ষমতার অপব্যবহার করে ব্যক্তিগত সুবিধার লক্ষ্যে ফ্ল্যাট নির্মাণ ও লিজ প্রদানের অভিযোগে এ মামলা করা হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমবি এইচআর