নারীদের নেতৃত্বেই এগিয়ে যাবে নতুন বাংলাদেশ: প্রধান উপদেষ্টা
বেগম রোকেয়ার আদর্শ ধারণ করে নারীর নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
বেগম রোকেয়ার আদর্শ ধারণ করে নারীর নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা বলেন, বেগম রোকেয়ার লেখনী ও দর্শন যুগান্তকারী। রোকেয়ার পথ অনুসরণ করেই চার বিশিষ্ট নারী এ বছর রোকেয়া পদক পেয়েছেন, যা শুধু পুরস্কার নয়—জাতিকে সামনে এগিয়ে নেওয়ার অনুপ্রেরণা। তিনি উল্লেখ করেন, তারা কেবল বাংলাদেশের নয়, বিশ্বব্যাপী নেতৃত্ব দেওয়ার সক্ষমতা অর্জন করেছেন।
তিনি দুঃখ প্রকাশ করে বলেন, এক শতাব্দী পেরিয়ে গেলেও আমরা আরেকজন বেগম রোকেয়া সৃষ্টি করতে পারিনি। রোকেয়া যে দিকনির্দেশনা ও স্বপ্ন দেখিয়েছিলেন, তা বাস্তবায়নে আমরা ব্যর্থ হয়েছি। কেন এগোতে পারলাম না—এ প্রশ্নের উত্তর খুঁজে বের করার ওপর গুরুত্ব দেন তিনি।
১৯৭৪ সালের দুর্ভিক্ষের সময়কার অভিজ্ঞতার কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, দুর্ভিক্ষের প্রথম আঘাত আসে নারী ও শিশুদের ওপর। সমাজকে সঙ্গে নিয়ে কাজ করার রোকেয়ার ধারনা আজও সমান প্রাসঙ্গিক। তিনি বলেন, নারীদের শিক্ষায় অগ্রসর করতে না পারলে সমাজ এগোবে না।
নারীদের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে প্রধান উপদেষ্টা বলেন, গণ-অভ্যুত্থানে নারীরা যে নেতৃত্ব দেখিয়েছে, তা প্রমাণ করে আজকের নারীসমাজ আরও শক্তিশালী ও অগ্রসরমান। তাদের হাত ধরেই নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে। তিনি সবাইকে নারীদের গুরুত্ব ও নেতৃত্বকে সর্বোচ্চ মর্যাদায় রাখার আহ্বান জানান।
এছাড়া অনুষ্ঠানে চার বিশিষ্ট নারীকে রোকেয়া পদক প্রদান করা হয়—নারীশিক্ষায় রুভানা রাকিব, শ্রম অধিকার বিষয়ে কল্পনা আক্তার, নারী জাগরণে (ক্রীড়া) ঋতুপর্ণা চাকমা এবং মানবাধিকার ক্যাটাগরিতে নাবিলা ইদ্রিস।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু মন্ত্রণালয়’ করারও ঘোষণা দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপদেষ্টা শারমীন এস মুরশিদ এবং স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র সচিব মমতাজ আহমেদ।
এমবি এইচআর

