নির্বাচন সুষ্ঠু করতে প্রধান বিচারপতির কাছে ৩০০ বিচারক চাইলেন সিইসি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব পালনে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

Dec 9, 2025 - 16:11
 0  3
নির্বাচন সুষ্ঠু করতে প্রধান বিচারপতির কাছে ৩০০ বিচারক চাইলেন সিইসি
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব পালনে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে প্রধান বিচারপতির খাসকামরায় অনুষ্ঠিত একান্ত বৈঠকে সিইসি তিনশ বিচারক নিয়োজিত করার অনুরোধ জানান। প্রধান বিচারপতিও এতে সহযোগিতার আশ্বাস দেন।

তপশিল ঘোষণার আগে প্রচলিত নিয়ম অনুযায়ী সিইসি দুপুর দেড়টার দিকে সুপ্রিম কোর্টে গিয়ে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেন। এবার তিনি একাই যান, সঙ্গে ছিলেন শুধু সচিব।

সূত্র জানায়, বৈঠকে সীমানা পুনর্নির্ধারণসংক্রান্ত মামলা, তপশিল ঘোষণার পর রিট আবেদনে যেন নির্বাচনী কার্যক্রম ব্যাহত না হয়—এ বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে নির্বাচনের সময় বিচারকদের মাধ্যমে ম্যাজিস্ট্রেসি পরিচালনার বিষয়টি নিয়েও মতবিনিময় করেন সিইসি নাসির উদ্দিন।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তপশিল ঘোষণার ভাষণ চূড়ান্ত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) অথবা বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তপশিল ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে। এরই মধ্যে ভাষণ ধারণ ও প্রচারের প্রস্তুতি নিতে বিটিভি ও বাংলাদেশ বেতারকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। সোমবার (৮ ডিসেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব তথ্য জানান ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

এমবি এইচআর