রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে গেলেন সিইসি নাসির উদ্দিন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের প্রস্তুতি জানাতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনের উদ্দেশে রওনা হয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের প্রস্তুতি জানাতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনের উদ্দেশে রওনা হয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। বুধবার সকাল ১১টা ৪০ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে তিনি বের হন। সঙ্গে রয়েছেন চার নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
জানা যায়, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর দায়িত্ব পাওয়া নাসির কমিশন প্রথমবারের মতো জাতীয় পর্যায়ের বড় নির্বাচন আয়োজন করতে যাচ্ছে। দায়িত্ব নেওয়ার পর মাত্র এক বছরের মধ্যে বড় নির্বাচনী আয়োজনের সার্বিক প্রস্তুতি রাষ্ট্রপতির কাছে তুলে ধরবেন সিইসি।
বঙ্গভবন সাক্ষাতের পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তফসিল ঘোষণা করার সম্ভাবনাও রয়েছে বলে ইঙ্গিত পাওয়া গেছে।
এর আগে মঙ্গলবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সিইসি নাসির উদ্দিন। এরও আগে, ৭ ডিসেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন সিইসি ও চার নির্বাচন কমিশনার।
এমবি এইচআর

