জরিপে আওয়ামী লীগকে অন্তর্ভুক্ত করা কতটা নৈতিক—প্রশ্ন প্রেস সচিবের

বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে জনপ্রিয়তা জরিপ চালানো কতটা নৈতিক—সেই প্রশ্ন তুলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

Dec 10, 2025 - 15:48
 0  3
জরিপে আওয়ামী লীগকে অন্তর্ভুক্ত করা কতটা নৈতিক—প্রশ্ন প্রেস সচিবের
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে জনপ্রিয়তা জরিপ চালানো কতটা নৈতিক—সেই প্রশ্ন তুলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, রাজনৈতিক সহিংসতা, গণহত্যা এবং সংগঠিত দমন-পীড়নের নথিভুক্ত ইতিহাস থাকা সত্ত্বেও এই দলকে জরিপে অন্তর্ভুক্ত করা নিরপেক্ষ গবেষণা হিসেবে বিবেচিত হতে পারে না।

তিনি উল্লেখ করেন, বিশেষজ্ঞদের মতে এই ধরনের জরিপ অতীত অপরাধ ঢেকে দিয়ে ধীরে ধীরে একটি দলকে স্বাভাবিকীকরণের সুযোগ সৃষ্টি করে। তাঁর মতে, দীর্ঘ সময় ক্ষমতায় থাকার পর আওয়ামী লীগ দেশজুড়ে ভয়-নির্ভর রাজনৈতিক পরিবেশ তৈরি করেছিল, যা জাতীয় থেকে স্থানীয় পর্যায় পর্যন্ত বিরোধী রাজনীতিকে দমন করে রেখেছিল।

প্রেস সচিব বলেন, বিরোধী সমাবেশে হামলা, আহত বা নিহতের ঘটনা, রাস্তা দখল, আগ্নেয়াস্ত্রের অবাধ প্রবাহ—এসব ছিল তৎকালীন সময়ের দৈনন্দিন চিত্র। তিনি মনে করিয়ে দেন, নতুন প্রজন্ম ভয়কে উপেক্ষা করে রাস্তায় নামার কারণেই দমন-পীড়নের জাল ভেঙে পড়েছিল। সেই প্রেক্ষাপটে তাঁর প্রশ্ন—মাত্র ১০ বা ২০ শতাংশ সমর্থন নিয়ে কোনো জরিপ কি দীর্ঘ সহিংসতার ইতিহাসকে মুছে দিতে পারে?

তিনি আরও বলেন, আন্দোলনের সময় ফাইয়াজসহ অগণিত তরুণের প্রাণহানির স্মৃতি এখনো জাতির হৃদয়ে বেদনার দাগ হয়ে আছে। এমন পরিস্থিতিতে জনপ্রিয়তা জরিপে ওই দলকে স্থান দেওয়া সেই শহিদদের স্মৃতির প্রতি অবমাননাকর বলেও তিনি মত প্রকাশ করেন।

এমবি এইচআর