সচিবালয়ে অবরুদ্ধ অর্থ উপদেষ্টা, উত্তেজনা চরমে
২০ শতাংশ ভাতা বাস্তবায়নের দাবিতে নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীরা সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে অবরুদ্ধ করে রাখেন।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
২০ শতাংশ ভাতা বাস্তবায়নের দাবিতে নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীরা সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে অবরুদ্ধ করে রাখেন। বুধবার দুপুর আড়াইটার পর থেকে সচিবালয়ের ১১ নম্বর ভবনের চতুর্থ তলায় উপদেষ্টার দপ্তরের সামনে অবস্থান নিয়ে তারা স্লোগান শুরু করেন। বিকেল গড়াতেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে অর্থ মন্ত্রণালয়ের গেটে দেখা যায়—বিভিন্ন মন্ত্রণালয়ের শতাধিক কর্মকর্তা-কর্মচারী সেখানে জড়ো হয়ে হ্যান্ডমাইক দিয়ে আরও লোকসমাগমের আহ্বান জানাচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মন্ত্রণালয়ের তৃতীয় তলায় অবস্থান নেওয়া আন্দোলনকারীরা জানান, তাদের দাবি মঞ্জুর না হওয়া পর্যন্ত সচিব বা উপদেষ্টা কেউই সচিবালয় থেকে বের হতে পারবেন না। তারা সন্দেহ করছেন সচিব পালানোর চেষ্টা করতে পারেন; তাই কঠোর অবস্থান নেওয়া হয়েছে। আন্দোলনকারীদের মতে, পুলিশি সুরক্ষা নিলেও বের হওয়ার সুযোগ দেওয়া হবে না।
সরকারি রেশন সুবিধা ও মহার্ঘ্য ভাতা বাস্তবায়ন না হওয়ায় দীর্ঘদিনের ক্ষোভই আজকের অবরোধ কর্মসূচিতে রূপ নিয়েছে বলে আন্দোলনকারীরা জানান। তারা মনে করেন, নতুন পে-কমিশন গঠিত হলেও বর্তমান সরকারের সময়ে তা বাস্তবায়নের কোনো সম্ভাবনা নেই—এমন বার্তা অর্থ উপদেষ্টার মন্তব্যেই স্পষ্ট হয়েছে।
সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশের সভাপতি বাদিউল কবিরের নেতৃত্বে চলমান এ অবরোধে সন্ধ্যা পর্যন্ত কোনো সমঝোতার ইঙ্গিত পাওয়া যায়নি। উত্তেজনা বাড়তে থাকায় সচিবালয়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
এমবি এইচআর

