এই হামলা বাংলাদেশের অস্তিত্বের ওপর আঘাত : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলা অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকালের অন্যতম উদ্বেগজনক ঘটনা।

Dec 13, 2025 - 12:07
 0  3
এই হামলা বাংলাদেশের অস্তিত্বের ওপর আঘাত : প্রধান উপদেষ্টা
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলা অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকালের অন্যতম উদ্বেগজনক ঘটনা। তিনি বলেন, এই হামলা বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার ওপর একটি সুপরিকল্পিত আঘাত এবং এর মাধ্যমে পরাজিত শক্তি দেশের অস্তিত্বকে চ্যালেঞ্জ করার দুঃসাহস দেখিয়েছে।

শুক্রবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য এবং আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। তিনি স্পষ্ট করে বলেন, এ ধরনের হামলার চেষ্টা যেকোনো মূল্যে ব্যর্থ করা হবে এবং জাতির ওপর অপশক্তির আঘাত কোনোভাবেই বরদাশত করা হবে না।

প্রধান উপদেষ্টা বলেন, এই হামলার মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বানচালের ষড়যন্ত্র করা হচ্ছে। তবে কোনো শক্তিই আসন্ন নির্বাচনকে বানচাল করতে পারবে না। আঘাত, ঝড় বা যেকোনো প্রতিকূলতার মুখেও দেশের জনগণকে সঙ্গে নিয়ে একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা হবে।

সভায় প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান জানান, ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। পরিবারের ইচ্ছায় তাকে ইতোমধ্যে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টা নির্দেশ দেন, হাদির ওপর হামলায় জড়িত ব্যক্তি ও এর নেপথ্যের পরিকল্পনাকারীদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করতে হবে। একই সঙ্গে তিনি দেশবাসীর কাছে হাদির দ্রুত আরোগ্য কামনায় মহান আল্লাহর কাছে দোয়া করার আহ্বান জানান।

পুলিশের পক্ষ থেকে বৈঠকে জানানো হয়, হামলার স্থান থেকে সিসিটিভি ফুটেজ ও অন্যান্য গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে। তাৎক্ষণিকভাবে সীমান্তে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, হামলাকারীরা যাতে কোনোভাবেই দেশ ছাড়তে না পারে তা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানে সক্রিয়ভাবে সম্পৃক্ত থাকার কারণে যারা সম্ভাব্য টার্গেটে পরিণত হতে পারেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি বিশেষভাবে বিবেচনায় রাখতে হবে।

বৈঠকে সিদ্ধান্ত হয়, নির্বাচনকালীন যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ও দ্রুত পদক্ষেপ নিশ্চিত করতে আগামী কয়েক দিনের মধ্যে একটি বিশেষ হটলাইন নম্বর চালু করা হবে। পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান জোরদার এবং সম্ভাব্য আশ্রয়স্থলগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

উদ্ভূত পরিস্থিতি নিয়ে শিগগিরই দেশের প্রধান প্রধান রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে আলোচনা করবেন বলেও জানান প্রধান উপদেষ্টা।

বৈঠকে আইন উপদেষ্টা আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানসহ পুলিশ, সশস্ত্র বাহিনী ও গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমবি এইচআর