হাদির ওপর হামলাকারীরা পালিয়ে গেছে, এমন তথ্য নেই: ডিএমপির মুখপাত্র
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলায় জড়িতরা পালিয়ে গেছে—এমন কোনো তথ্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছে নেই বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া সেলের মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলায় জড়িতরা পালিয়ে গেছে—এমন কোনো তথ্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছে নেই বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া সেলের মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান।
রোববার (১৪ ডিসেম্বর) সকালে রাজধানীর পল্টনে এক ব্রিফিংয়ে তিনি বলেন, ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের নম্বর প্লেটের সূত্র ধরে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে মোটরসাইকেলটির মালিক আব্দুল হান্নানকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির মুখপাত্র জানান, হামলার ঘটনায় আব্দুল হান্নান জড়িত কিনা, সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে ওসমান হাদিকে গুলি করা অপরাধীদের গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। তিনি বলেন, ইতোমধ্যে শুটারকে শনাক্ত করা হয়েছে।
এক প্রশ্নের জবাবে মুহাম্মদ তালেবুর রহমান বলেন, হামলাকারীরা পালিয়ে গেছে—এমন কোনো নির্দিষ্ট তথ্য পুলিশের কাছে নেই। কেন ওসমান হাদির ওপর হত্যাচেষ্টা চালানো হয়েছে, তা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে।
এদিকে ভোটের মাঠে থাকা প্রার্থীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে উল্লেখ করে তিনি জানান, রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চেকপোস্ট ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।
এমবি এইচআর

