স্বরাষ্ট্র উপদেষ্টার সামনে দাঁড়িয়েই পদত্যাগের আলটিমেটাম সাদিক কায়েমের
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পাশেই দাঁড়িয়ে তার পদত্যাগ দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পাশেই দাঁড়িয়ে তার পদত্যাগ দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।
সোমবার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে সাদিক কায়েমের নেতৃত্বে ১৪ সদস্যের একটি প্রতিনিধিদল স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে তিন দফা দাবি তুলে ধরে। দাবিগুলো উপস্থাপনের সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সাদিক কায়েমের পাশেই উপস্থিত ছিলেন।
দাবিগুলো তুলে ধরে সাদিক কায়েম বলেন, এসব দাবি অনতিবিলম্বে বাস্তবায়ন না হলে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দৃশ্যমান পরিবর্তন না এলে স্বরাষ্ট্র, আইন ও পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।
প্রথম দাবিতে তিনি বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর গুলিবর্ষণের সঙ্গে জড়িত প্রত্যক্ষ হামলাকারী, পরিকল্পনাকারী ও সহায়তাকারী সবাইকে দ্রুত গ্রেপ্তার করতে হবে। একই সঙ্গে গোয়েন্দা সংস্থাসহ রাষ্ট্রের সব সংশ্লিষ্ট সংস্থাকে জবাবদিহির আওতায় আনতে হবে এবং যাদের গাফিলতি প্রমাণিত হবে, তাদের বিচার নিশ্চিত করতে হবে। এছাড়া যারা এই হামলাকে সমর্থন জুগিয়েছে এবং হাদি ও জুলাই বিপ্লবীদের হত্যাযোগ্য করে তুলেছে, সেই ‘কালচারাল ফ্যাসিস্টদের’ সামাজিকভাবে বয়কটের দাবি জানান তিনি।
দ্বিতীয় দাবিতে সাদিক কায়েম বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ লীগের বিরুদ্ধে এলাকাভিত্তিক চিরুনি অভিযান চালাতে হবে। নিষিদ্ধ সংগঠনের সব স্তরের সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে সরকারকে কঠোর হতে হবে। এ বিষয়ে কোনো ধরনের অবহেলা আর মেনে নেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।
তৃতীয় দাবিতে তিনি বলেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রথম ও অপরিহার্য পদক্ষেপ হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মানবতাবিরোধী অপরাধে প্রদত্ত রায় কার্যকর করতে হবে। একই সঙ্গে গণহত্যাকারীদের আশ্রয় দেওয়ার প্রতিবাদে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনার আহ্বান জানান তিনি। অভিযুক্তদের ফেরত না দেওয়া পর্যন্ত কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করার দাবিও তোলেন সাদিক কায়েম।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আন্দোলনকারীদের প্রতিটি দাবি যৌক্তিক।’ তিনি জানান, এসব দাবি বাস্তবায়নের বিষয়ে আগের দিনও বৈঠকে আলোচনা হয়েছে এবং কার্যক্রম আরও জোরদার করা হবে।
হাদি হামলার মূল অভিযুক্তরা দেশে নাকি বিদেশে পালিয়েছে—এমন প্রশ্নে তিনি বলেন, ‘সবকিছু এখানে বলা যাবে না।’ ভারত পালানোর বিষয়ে জানতে চাইলে তিনি সংক্ষেপে বলেন, ‘আমরা পরে কথা বলবো।’
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘ওসমান হাদি অসুস্থ। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, যেন তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন।’
এমবি এইচআর

