নির্বাচন ও গণভোট ঘিরে আজ ইসির সঙ্গে তিন বাহিনীর বৈঠক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবস্থা পর্যালোচনায় আজ রোববার নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসছেন সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানরা।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবস্থা পর্যালোচনায় আজ রোববার নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসছেন সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানরা।
ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ ও তথ্য) মো. রুহুল আমিন মল্লিক জানান, আজ দুপুর ১২টায় তিন বাহিনীর প্রধানরা আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনারসহ কমিশনারদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এর পর একই দিনে দুপুর আড়াইটায় ইসি সচিবালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হবে।
তিনি আরও জানান, সভা শেষে ইসি সচিবালয়ের বেজমেন্টে গণমাধ্যমকে এ বিষয়ে ব্রিফিং দেওয়া হবে।
এদিকে শনিবার ইসি সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা–২ অধিশাখা) মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনাবিষয়ক সভাটি রোববার সকাল ১০টার পরিবর্তে দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় প্রধান নির্বাচন কমিশনার সভাপতিত্ব করবেন এবং অন্যান্য নির্বাচন কমিশনাররা উপস্থিত থাকবেন।
সভায় নির্বাচনপূর্ব আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী কার্যক্রম রোধে যৌথ বাহিনীর কার্যক্রম, প্রার্থী ও রাজনৈতিক দলের জন্য প্রণীত আচরণবিধি ২০২৫ অনুযায়ী বিধি প্রতিপালন এবং সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আলোচ্য সূচিতে থাকবে।
এমবি এইচআর

