সুদানে শহীদ ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা সেনানিবাসে অনুষ্ঠিত

সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শাহাদাতবরণকারী বাংলাদেশ সেনাবাহিনীর ছয় শান্তিরক্ষীর জানাজা আজ রোববার ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয়েছে।

Dec 21, 2025 - 16:00
 0  2
সুদানে শহীদ ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা সেনানিবাসে অনুষ্ঠিত
ছবি সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শাহাদাতবরণকারী বাংলাদেশ সেনাবাহিনীর ছয় শান্তিরক্ষীর জানাজা আজ রোববার ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, জানাজায় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনসহ সামরিক ও বেসামরিক বিভিন্ন স্তরের কর্মকর্তা, অন্যান্য পদবির সদস্য এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

এর আগে গতকাল শনিবার বেলা ১১টা ৫ মিনিটে শহীদ শান্তিরক্ষীদের মরদেহ বহনকারী উড়োজাহাজটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের কাদুগলি লজিস্টিকস বেজে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর বর্বরোচিত ড্রোন হামলায় ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষী শহীদ হন এবং আরও নয়জন আহত হন।

বাসসের খবরে বলা হয়, জানাজার আগে শাহাদাতবরণকারীদের জীবনবৃত্তান্ত পাঠ করে শোনানো হয় এবং তাঁদের নিকট আত্মীয়রা বক্তব্য দেন। পরে জাতিসংঘ মহাসচিবের পক্ষে ইউনিসফার (UNISFA) চিফ কমিউনিটি লিয়াজোঁ অফিসার বরিস-এফ্রেম চৌমাভি বক্তব্য দেন।

জানাজা শেষে শহীদ শান্তিরক্ষীদের প্রতি যথাযথ রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয়। এ সময় প্রধান উপদেষ্টার পক্ষে তাঁর সামরিক সচিব পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে ইউনিসফার চিফ কমিউনিটি লিয়াজোঁ অফিসার শহীদ শান্তিরক্ষীদের নিকট আত্মীয়দের কাছে জাতিসংঘ মহাসচিবের পক্ষ থেকে জাতিসংঘের পতাকা হস্তান্তর করেন।

এ ছাড়া জানাজা শেষে শহীদদের পরিবারের সদস্যদের কাছে প্রধান উপদেষ্টার স্বাক্ষরিত পৃথক শোকবার্তা হস্তান্তর করা হয়।

এই ঘৃণ্য ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশ সরকার ও জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তারা এরই মধ্যে তীব্র নিন্দা জানিয়েছেন। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ সদর দপ্তরে একটি আনুষ্ঠানিক প্রতিবাদপত্র পাঠানো হয়েছে এবং ইউনিসফাসহ সব মিশন এলাকায় দ্রুত ড্রোন প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

সন্ত্রাসী ড্রোন হামলায় আহত নয়জন শান্তিরক্ষীর মধ্যে আটজন বর্তমানে কেনিয়ার রাজধানী নাইরোবিতে অবস্থিত আগা খান ইউনিভার্সিটি হাসপাতালে (লেভেল-৩) চিকিৎসাধীন রয়েছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমানে সবাই শঙ্কামুক্ত রয়েছেন।

এমবি এইচআর