নিরাপত্তার স্বার্থে ৬ এনসিপি নেতাসহ ২০ জনকে গানম্যান দিয়েছে সরকার

দেশে নিরাপত্তা ইস্যুতে কোনো শঙ্কা নেই জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার (২২ ডিসেম্বর) জানিয়েছেন, আবেদনের ভিত্তিতে প্রথম আলো ও ডেইলি স্টারের সম্পাদকসহ নিরাপত্তা ঝুঁকিতে থাকা ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে।

Dec 22, 2025 - 16:16
 0  2
নিরাপত্তার স্বার্থে ৬ এনসিপি নেতাসহ ২০ জনকে গানম্যান দিয়েছে সরকার
ছবি সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

দেশে নিরাপত্তা ইস্যুতে কোনো শঙ্কা নেই জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার (২২ ডিসেম্বর) জানিয়েছেন, আবেদনের ভিত্তিতে প্রথম আলো ও ডেইলি স্টারের সম্পাদকসহ নিরাপত্তা ঝুঁকিতে থাকা ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে। এই তালিকায় বিএনপির ৬ নেতাও রয়েছেন।

আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের ১৮তম সভা শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি আরও জানান, জুলাই মাসে গণঅভ্যুত্থানের সম্মুখসারির শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। ইতোমধ্যে যৌথ বাহিনীর অভিযানে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে রয়েছে হত্যাকাণ্ডের মূল হোতা ফয়সাল করিমের পরিবার ও সহযোগীরা। হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল, দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ৪১ রাউন্ড গোলাবারুদ ও একটি খেলনা পিস্তলও উদ্ধার করা হয়েছে। ফয়সাল করিম মাসুদকে গ্রেপ্তারের চেষ্টা চলমান রয়েছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট দালাল চক্রের ফিলিপের সহযোগী পাঁচজনকে আটক করে বিজিবি পুলিশের কাছে হস্তান্তর করেছে। এছাড়া, প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলার ঘটনায় ডিএমপি ১৭ জনকে গ্রেপ্তার করেছে এবং দুই পত্রিকার সম্পাদকদের বাসভবনে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

ময়মনসিংহে পোশাক শ্রমিককে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার প্রস্তুতি হিসেবে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ২৫ ডিসেম্বর তার আগমন উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি পুলিশের প্রশিক্ষণের বড় অংশ সম্পন্ন হয়েছে এবং বডি ওর্ন ক্যামেরা ব্যবহারের প্রশিক্ষণ দেয়া হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সহিংসতা, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি ও উসকানিমূলক কার্যকলাপের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২, শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড তদন্ত, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট উদযাপনের নিরাপত্তা ব্যবস্থা ও দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

এমবি এইচআর