মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার মরদেহ
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ বহনকারী গাড়িবহর মানিক মিয়া অ্যাভিনিউয়ে পৌঁছেছে। বুধবার বেলা ১১টা ৫০ মিনিটে জাতীয় পতাকায় মোড়ানো মরদেহটি সংসদ ভবন এলাকায় আনা হয়।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ বহনকারী গাড়িবহর মানিক মিয়া অ্যাভিনিউয়ে পৌঁছেছে। বুধবার বেলা ১১টা ৫০ মিনিটে জাতীয় পতাকায় মোড়ানো মরদেহটি সংসদ ভবন এলাকায় আনা হয়।
এর আগে বেলা ১১টা ০৪ মিনিটে রাজধানীর গুলশানের ফিরোজা ভবন থেকে মরদেহ বহনকারী গাড়িবহর যাত্রা শুরু করে। গাড়িবহরে লাল-সবুজ রঙের একটি বাসও অন্তর্ভুক্ত ছিল। সকাল ৯টা ১৫ মিনিটে এভারকেয়ার হাসপাতাল থেকে আনা মরদেহ ফিরোজা ভবনে পৌঁছালে সেখানে স্বজন ও দলীয় নেতাকর্মীরা শেষবারের মতো শ্রদ্ধা জানান।
জানাজাস্থলে উপস্থিত রয়েছেন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান, প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রীসহ পরিবারের সদস্যরা।
মানিক মিয়া অ্যাভিনিউতে নামাজে জানাজা শেষে বেগম খালেদা জিয়াকে দাফন করা হবে তার স্বামী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে। জানাজায় অংশ নিতে সকাল থেকেই মানিক মিয়া অ্যাভিনিউয়ে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে।
জানাজা ও শোকানুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মানিক মিয়া অ্যাভিনিউসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ২৭ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
প্রসঙ্গত, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে সরকার বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। একই সঙ্গে বুধবার সারা দেশে সাধারণ ছুটি পালিত হচ্ছে।
এমবি এইচআর

