জাতীয় নির্বাচনে পুলিশের নিরপেক্ষতা নিশ্চিতের আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নির্বাচনে পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করবে।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নির্বাচনে পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করবে।
রোববার রাজধানীর রাজারবাগে ডিএমপি ট্রেনিং অ্যাকাডেমিতে আয়োজিত ‘নির্বাচনী দায়িত্বে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা’ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, জাতীয় নির্বাচন একটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং এই প্রক্রিয়ায় মাঠপর্যায়ের প্রতিটি পুলিশ সদস্য জনগণের আস্থার প্রতীক হিসেবে দায়িত্ব পালন করবে। নির্বাচন নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশকে সর্বোচ্চ পেশাদারত্ব, সততা ও দায়িত্বশীলতা বজায় রাখতে হবে।
তিনি নির্বাচনপূর্ব, নির্বাচনকালীন এবং নির্বাচন-পরবর্তী সময়ে পুলিশের করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেন এবং জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য সরকারের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি নেওয়া হচ্ছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বাড়াতে ডিএমপি ট্রেনিং অ্যাকাডেমিতে তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়েছে। বর্তমানে এর ২৩তম ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে।
পরিদর্শনের সময় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিপি (ডেভেলপমেন্ট) সরদার নুরুল আমিন, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ারসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।
ডিএমপি সূত্র জানায়, গত ৫ অক্টোবর থেকে এই প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। এ পর্যন্ত ২২টি ব্যাচে ১৮ হাজার ১৫০ জন পুলিশ সদস্য প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। ডিএমপির ১৯টি ভেন্যুতে মোট ২৮টি ব্যাচে সম্ভাব্য ২৪ হাজার ৩৪২ জন পুলিশ সদস্যকে এই প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
এমবি এইচআর

