ভারতের আধিপত্য থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে: আসিফ নজরুল

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ভারতের আধিপত্য ও আগ্রাসী ভূমিকা থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে।

Jan 10, 2026 - 14:57
 0  2
ভারতের আধিপত্য থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে: আসিফ নজরুল
ছবি সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ভারতের আধিপত্য ও আগ্রাসী ভূমিকা থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে। তিনি বলেন, আগে ভারতের একটি আগ্রাসী অবস্থান ছিল সর্বত্র, এখন সেখান থেকে স্বাধীন কণ্ঠে কথা বলার সক্ষমতা তৈরি হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘রাজনৈতিক দল, মানবাধিকার এবং মতপ্রকাশের স্বাধীনতা’ শীর্ষক পলিসি ডায়ালগে তিনি এসব কথা বলেন।

আইন উপদেষ্টা বলেন, সরকারের বিরুদ্ধে কিছু সমালোচনার যৌক্তিক দিক থাকলেও অনেক ক্ষেত্রে তা নির্দয় পর্যায়ে চলে যাচ্ছে। তিনি বলেন, ‘১০টি বিষয়ের মধ্যে সরকার যদি চারটি করতে পারে, তাহলে সেই চারটির কথা বলুন। এরপর যে ছয়টি করা যায়নি, সেগুলোর জন্য সমালোচনা করুন। কিন্তু বাস্তবে আমরা তা দেখতে পাচ্ছি না।’

বিচার বিভাগের সংস্কারের প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, বর্তমানে বিচার বিভাগের পদ সৃষ্টি, বদলি, পদোন্নতি ও বাজেট বরাদ্দসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো উচ্চ আদালতের হাতে ন্যস্ত করা হয়েছে। তিনি প্রশ্ন রাখেন, বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে রাষ্ট্রের এত বড় একটি অঙ্গের ক্ষেত্রে এটিকে কি সংস্কার বলা যাবে না?

তিনি আরও বলেন, আইন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সংস্কার তাৎক্ষণিক ফল দেয় না। সংস্কার কোনো ‘ম্যাজিক লাইট’ নয় যে সঙ্গে সঙ্গে পরিবর্তন দৃশ্যমান হবে।

মানবাধিকার বিষয়ে তিনি বলেন, সরকার গুম কমিশন গঠন করেছে, যা অত্যন্ত কার্যকরভাবে কাজ করেছে। সেই অভিজ্ঞতার আলোকে একটি নতুন মানবাধিকার কমিশন আইন প্রণয়ন করা হয়েছে। তাঁর দাবি, দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মানবাধিকার আইন আরও উন্নত হয়েছে। খুব শিগগিরই এই আইনের আওতায় মানবাধিকার কমিশনে নিয়োগ দেওয়া হবে বলেও জানান তিনি।

আইন উপদেষ্টা বলেন, বিপ্লব-পরবর্তী সময়ে প্রত্যাশা ব্যবস্থাপনা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে ধীরে ধীরে এসব সংস্কারের সুফল দৃশ্যমান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এমবি এইচআর