সাবেক এমপি বুবলী সহ ১৭ আসামির রিমান্ড মঞ্জুর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে রাজধানীর তেজগাঁও থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) তামান্না নুসরাত বুবলীসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আরো ১৬ নেতাকর্মীর বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

Oct 7, 2025 - 18:11
 0  2
সাবেক এমপি বুবলী সহ ১৭ আসামির রিমান্ড মঞ্জুর
ছবি-সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে রাজধানীর তেজগাঁও থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) তামান্না নুসরাত বুবলীসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আরো ১৬ নেতাকর্মীর বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান এই আদেশ দেন বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) ওমর ফারুক ফারুকী।

রিমান্ডপ্রাপ্ত অপর আসামিরা হলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহসভাপতি মো. মাহবুবুল হক হিরক; শেখ হাসিনা তৃণমূল সংগ্রামী লীগের নেতা মো. আলম মাদবর; শ্রমিক লীগ নেতা আব্দুর রাজ্জাক শাকিল; আওয়ামী লীগ নেতা রিয়াজ উদ্দিন আহমেদ মানিক; বঙ্গবন্ধু সৈনিক লীগের সদস্য নজরুল ইসলাম সুমন, মো. সাইফুল ইসলাম ও ফাহাদ হোসেন বাবু; সিরাজগঞ্জের মাধাইনগর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি নাইবুর রহমান নাইস; গাজীপুরের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ মোল্লা, সোলাইমান মিয়া ও মো. আজিজ; আওয়ামী লীগ নেতা ফারুক হোসেন ও সিহাব শাহরিয়ার; আওয়ামী লীগ কর্মী মামুন ও ইনজামুল হক এবং ছাত্রলীগ কর্মী ফরহাদ পালোয়ান। তাঁদের মধ্যে সাবেক সংসদ সদস্যসহ প্রথম ৭ জনকে দুদিন এবং শেষ ৯ জনকে ৩ দিন করে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জানা যায়, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এই ১৭ আসামিকে আজ কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার এসআই আনোয়ার হোসেন খান তাঁদের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ২৮ সেপ্টেম্বর রাতে বিশেষ অভিযানে মিরপুর থেকে তামান্না নুসরাত বুবলীকে আটক করা হয়। পরদিন তাঁকে কারাগারে পাঠানো হয়। অন্যদের মধ্যে ৯ জনকে মিছিল থেকে আটক করা হয়। অন্যদের কয়েক দিন অভিযান চালিয়ে আটক করে কারাগারে পাঠানো হয়।

মামলার অভিযোগে বলা হয়, গত ২৪ সেপ্টেম্বর দুপুর ১টার দিকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা তেজগাঁও থানা এলাকার আনন্দ সিনেমা হলের সামনে দিয়ে পান্থপথ অভিমুখে মিছিল নিয়ে অগ্রসর হন। কিছুক্ষণ পর জনমনে ভীতি সৃষ্টি করার জন্য ককটেল বিস্ফোরণ ঘটান। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালাতে গেলে ২৫ জনকে তখন আটক করা হয়। তাঁদের কাছ থেকে আওয়ামী লীগের ব্যানার ও চারটি অবিস্ফোরিত ককটেল জব্দ করে পুলিশ।

ঘটনার পরদিন তেজগাঁও থানার এসআই মো. আব্দুল কাদের ২৫ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন।

এমবি এইচআর