যারা বিএনপি ও আওয়ামী লীগকে এক পাল্লায় মাপে, তাদের ঈমানে সমস্যা আছে : প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ‘যারা বিএনপি ও আওয়ামী লীগকে এক পাল্লায় মাপতে চায়, তাদের দাঁড়িপাল্লায় সমস্যা আছে, তাদের ঈমানে সমস্যা আছে।’

Oct 18, 2025 - 20:59
 0  2
যারা বিএনপি ও আওয়ামী লীগকে এক পাল্লায় মাপে, তাদের ঈমানে সমস্যা আছে : প্রিন্স
ছবি, সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ‘যারা বিএনপি ও আওয়ামী লীগকে এক পাল্লায় মাপতে চায়, তাদের দাঁড়িপাল্লায় সমস্যা আছে, তাদের ঈমানে সমস্যা আছে।’

শনিবার (১৮ অক্টোবর) ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের দড়িনগুয়া কান্দাপাড়া গ্রামে কাঠের সেতু উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে তিনি সেতুর নিচে গভীর খাদে মাটি ভরাটের জন্য উপজেলা প্রশাসনের প্রতি আহ্বান জানান এবং গ্রামবাসীর সঙ্গে হেঁটে সেতু পার হন।

এমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপি সবসময় জনগণের পাশে থাকে— সরকারে থাকুক বা বিরোধী দলে। মানবতার কল্যাণে কাজ করাই বিএনপির রাজনীতি। অথচ আওয়ামী লীগ দুর্নীতি, লুটপাট ও দমন-নিপীড়নের মাধ্যমে জনগণের অধিকার হরণ করে গণশত্রুতে পরিণত হয়েছে। আজ তারা পালিয়ে গেছে, আর কোনোদিন রাজনীতিতে ফিরে আসতে পারবে না।

তিনি বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীরা উন্নয়নের নামে বরাদ্দকৃত টাকা লুটপাট করেছে। বিপরীতে বিএনপি নেতাকর্মীরা নিজেদের অর্থে ও স্বেচ্ছাশ্রমে রাস্তাঘাট, ব্রিজ, মসজিদ ও কবরস্থান নির্মাণে কাজ করছে। এখানেই বিএনপি ও আওয়ামী লীগের মূল পার্থক্য।’

ধর্ম নিয়ে সাম্প্রতিক কিছু দলের বিভ্রান্তিকর প্রচারণার সমালোচনা করে প্রিন্স বলেন, ‘ইসলামের লেবাসধারী কয়েকটি দল রাজনীতিতে ইসলামকে টেনে এনে নৌকার সঙ্গে ধানের শীষকে এক করে বিষ বানিয়ে ফেলেছে। তারা আল্লাহর নাম ব্যবহার করে রাজনীতি করে, আবার প্রয়োজনে সেই নাম সরিয়েও দেয়।’

তিনি বলেন, ধানের শীষ হলো উন্নয়ন, ন্যায়বিচার, মানবিকতা ও ধর্মীয় মূল্যবোধের প্রতীক। অন্যদিকে নৌকা দুর্নীতি, ফ্যাসিবাদ, দমন-নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের প্রতীক।

আগামী নির্বাচনে বিএনপির জনকল্যাণমুখী কর্মসূচি তুলে ধরে এমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমানের নেতৃত্বে সরকার ‘ফার্মার্স কার্ড’ চালু করে কৃষকদের সার্বিক সহযোগিতা দেবে, ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে দরিদ্র পরিবারগুলোকে বিনা মূল্যে খাদ্য সরবরাহ করবে এবং প্রথম ১৮ মাসে এক কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে।

তিনি আরও বলেন, বিএনপি ইসলামী মূল্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। কোরআন-সুন্নাহবিরোধী কোনো পদক্ষেপ বিএনপি নেবে না এবং কেউ নিতে চাইলে তা সর্বোচ্চ প্রতিরোধ করা হবে।

সবশেষে তিনি জনগণকে অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সত্য ও ন্যায়ের পথে থাকতে আহ্বান জানান।

এমবি এইচআর