একটি দলের কর্মকাণ্ড আওয়ামী লীগের সঙ্গে মিলে যাচ্ছে: শিবির সভাপতি
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের সঙ্গে বর্তমানে একটি রাজনৈতিক দলের আচরণ মিল পাচ্ছি। আওয়ামী লীগের মতো আচরণকারীরাও ফ্যাসিস্ট, আমরা তাদের ফ্যাসিস্ট বলতে বাধ্য হবো।”
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের সঙ্গে বর্তমানে একটি রাজনৈতিক দলের আচরণ মিল পাচ্ছি। আওয়ামী লীগের মতো আচরণকারীরাও ফ্যাসিস্ট, আমরা তাদের ফ্যাসিস্ট বলতে বাধ্য হবো।”
সোমবার (২০ অক্টোবর) দুপুরে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রশিবির আয়োজিত একাদশ ও অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের ‘নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “সাধারণ মানুষ ফ্যাসিবাদ পছন্দ করে না। ফ্যাসিবাদের কর্মকাণ্ডের কারণেই আওয়ামী লীগ এ দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।”
জাহিদুল ইসলাম আরও বলেন, “গত ১৫ বছর ধরে ছাত্রলীগ ও আওয়ামী লীগ আমাদের সব কর্মকাণ্ড বন্ধ করে দিয়েছিল। কোরআনের অনুষ্ঠান, এমনকি রমজানে ইফতার আয়োজন করতেও দেয়নি। এখনো কিছু দলের আচরণ সেই আওয়ামী লীগের মতোই মনে হচ্ছে।”
শিক্ষার্থীদের উদ্দেশে শিবির সভাপতি বলেন, “ছাত্রশিবির প্রতিষ্ঠালগ্ন থেকেই আদর্শ ও সততার জায়গায় কখনো আপস করেনি। আমরা কাউকে শিবির করতে বলি না, শুধু শিবির সম্পর্কে জানতে বলি। শিবির যেমন আদর্শ ছাত্র হতে শেখায়, তেমনি ভালো মানুষ হিসেবেও গড়ে তোলে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর পান্নালাল রায়, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক মো. শফিউল্লাহ, পিরোজপুর জেলা সভাপতি মো. এমরান খান, এবং সাবেক জেলা সভাপতি অধ্যক্ষ জহিরুল হক প্রমুখ।
এমবি এইচআর

