ভিকটিম হয়েও কাঠগড়ায় আমরা, ইসির অবস্থান রাজনৈতিক: সারোয়ার তুষার
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, “এমন অভাগা আমরা যে, ভিকটিম হওয়ার পরও কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে।” তিনি অভিযোগ করেন, ইলেকশন কমিশনের (ইসি) সিদ্ধান্ত এখন সাংবিধানিক নয়, বরং রাজনৈতিকভাবে প্রভাবিত।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, “এমন অভাগা আমরা যে, ভিকটিম হওয়ার পরও কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে।” তিনি অভিযোগ করেন, ইলেকশন কমিশনের (ইসি) সিদ্ধান্ত এখন সাংবিধানিক নয়, বরং রাজনৈতিকভাবে প্রভাবিত।
সম্প্রতি এক টেলিভিশন টকশোতে অংশ নিয়ে সারোয়ার তুষার বলেন, “শিক্ষকদের একটি সমাবেশে গিয়েছিলাম, তাদের দাবির প্রতি সমর্থন জানিয়েছি। কিন্তু আমাদেরও জনগণের কাছে বিচার আছে— ইলেকশন কমিশন আমাদের সঙ্গে যে আচরণ করছে, সেটা যেন সবাই দেখে।”
তিনি বলেন, “আমরা তো ভিকটিম। ভিকটিম মানে সহানুভূতি পাওয়ার কথা, কিন্তু সেটাও আমাদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। আমাদের প্রতি অবিচার করা হচ্ছে, অথচ বিচার চাইতেও দোষ গোনা হচ্ছে।”
ইসির কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করে সারোয়ার তুষার আরও বলেন, “ইসি আমাদের ইনফরমালি বলেছে— তারা একবার একটি পজিশন নিয়ে ফেলেছে, এখন আর সরে আসা সম্ভব নয়। আমাদের আদালতে যেতে বলা হয়েছে, অথচ বিষয়টি আদালতে অনেক আগেই নিষ্পত্তি হয়েছে।”
তিনি অভিযোগ করেন, “ইসির বর্তমান অবস্থান সাংবিধানিক নয়, বরং একটি রাজনৈতিক অবস্থান, যা অদৃশ্য শক্তি দ্বারা নিয়ন্ত্রিত। জাতীয় প্রতীক বা কোনো প্রতিষ্ঠানের লোগো নিয়ে আদালতের অবস্থান পরিষ্কার, কিন্তু ইসি সেটি উপেক্ষা করছে।”
সারোয়ার তুষার বলেন, “আমাদের কাছ থেকে যা প্রাপ্য, সেটিও কেড়ে নেওয়া হচ্ছে। অভাগা যেদিকে চায়, সাগর শুকিয়ে যায়— আমাদের দশা এখন তাই।”
এমবি এইচআর

