রেকর্ড জয়ে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ নিজেদের করল বাংলাদেশ
দ্বিতীয় ওয়ানডেতে সুপার ওভারের রোমাঞ্চ জিতে সিরিজে সমতা আনলেও নির্ধারণী ম্যাচে বাংলাদেশের কাছে হারে ওয়েস্ট ইন্ডিজ। মিরপুরে অনুষ্ঠিত সিরিজের শেষ ওয়ানডেতে ১৭৯ রানের বিশাল জয়ে প্রতিপক্ষকে উড়িয়ে সিরিজ জিতেছে মেহেদী হাসান মিরাজের দল।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
দ্বিতীয় ওয়ানডেতে সুপার ওভারের রোমাঞ্চ জিতে সিরিজে সমতা আনলেও নির্ধারণী ম্যাচে বাংলাদেশের কাছে হারে ওয়েস্ট ইন্ডিজ। মিরপুরে অনুষ্ঠিত সিরিজের শেষ ওয়ানডেতে ১৭৯ রানের বিশাল জয়ে প্রতিপক্ষকে উড়িয়ে সিরিজ জিতেছে মেহেদী হাসান মিরাজের দল। ওয়ানডেতে এটি ক্যারিবীয়দের বিপক্ষে বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবধানের জয়।
এর আগে ২০১২ সালে খুলনায় ১৬০ রানে জিতেছিল বাংলাদেশ। সব মিলিয়ে এটি টাইগারদের ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানের জয়—সর্বোচ্চ জয়টি ছিল ২০২৩ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৮৩ রানে।
২৯৭ রানের টার্গেট তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস ভেঙে পড়ে স্পিন আক্রমণে। শাই হোপ ও রোস্টন চেসরা দাঁড়াতেই পারেননি বাংলাদেশের চার স্পিনারের সামনে। মাত্র ১১৭ রানে গুটিয়ে যায় ক্যারিবীয়রা।
স্পিনে নাসুম আহমেদ ও রিশাদ হোসেন নেন তিনটি করে উইকেট। তানভীর ইসলামও নেন দুইটি উইকেট, আর শেষ দুটি উইকেট নেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। যদিও দলে থাকা একমাত্র পেসার মুস্তাফিজুর রহমান বল করার সুযোগ পাননি।
তিন ম্যাচের সিরিজে সর্বোচ্চ ১২ উইকেট নিয়ে রিশাদ হয়েছেন সিরিজসেরা। এই কীর্তিতে তিনি ভেঙেছেন আরাফাত সানির রেকর্ড (১০ উইকেট, জিম্বাবুয়ে ২০১৪)।
এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে সৌম্য সরকার ও সাইফ হাসানের শতরানের উদ্বোধনী জুটিতে শক্ত ভিত গড়ে বাংলাদেশ। এই জুটি যোগ করে ১৭৬ রান, যা মিরপুরে বাংলাদেশের নতুন রেকর্ড এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বোচ্চ উদ্বোধনী জুটি।
সাইফ ৮০ রান ও সৌম্য ৯১ রান করেন। সৌম্যের ইনিংসে ছিল ৭টি চার ও ৪টি ছক্কা। এই ইনিংসের জন্যই ম্যাচসেরা নির্বাচিত হন তিনি।
ওপেনারদের দুর্দান্ত সূচনার পর ব্যাটিংয়ে কিছুটা ভাটা পড়ে। নাজমুল হোসেন শান্ত করেন ৪৪ রান। শেষদিকে নুরুল হাসান সোহান (১৬*) ও মেহেদী হাসান মিরাজ (১৭) দলকে ২৯৬ রানে পৌঁছে দেন।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ চার উইকেট নিয়েছেন আকিল হোসেন।
চার সিরিজ পর ওয়ানডেতে জয়ের স্বাদ পেল বাংলাদেশ। একই সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগের ধবলধোলাইয়ের প্রতিশোধও নিল টাইগাররা।
এমবি এইচআর

