আ.লীগ-ছাত্রলীগের সঙ্গে জড়িতরা এনসিপিতে যোগ দিতে পারবে না : সারজিস আলম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের আগে যারা আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিলেন, তারা এনসিপিতে যোগ দিতে পারবেন না।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের আগে যারা আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিলেন, তারা এনসিপিতে যোগ দিতে পারবেন না। তবে অন্য কোনো দলের ভালো ও আদর্শবান মানুষদের জন্য এনসিপির দরজা সবসময় খোলা।
শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর পরিবাগে আবু সাইদ কনভেনশন হলে অনুষ্ঠিত এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, “যদি এনসিপি জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে এগিয়ে যেতে পারে, তাহলে দুই বছরের মধ্যেই এটি বাংলাদেশের সবচেয়ে গ্রহণযোগ্য রাজনৈতিক দলে পরিণত হবে।”
তিনি আরও বলেন, “যারা ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য এনসিপিতে আসতে চান, তাদের জন্য এই দল নয়। এনসিপি তার নিজস্ব আদর্শ ও নীতি অনুযায়ী চলবে।”
দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি আহ্বান জানান, কেউ যেন নিজের উন্নতির জন্য অন্যকে টেনে নিচে নামানোর চেষ্টা না করেন। এনসিপির মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও ইতিবাচক রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে বলেও তিনি উল্লেখ করেন।
সারজিস আলম বলেন, “এনসিপি বাংলাদেশে ৪৬তম রাজনৈতিক দল হতে আসেনি। আমরা হয় জনগণের হয়ে সরকার গঠন করব, না হয় শক্তিশালী বিরোধী দল হব। জাতীয় পার্টির মতো ‘পোষা বিরোধী দল’ হওয়ার কোনো প্রশ্নই আসে না।”
তিনি জানান, শনিবার থেকে এনসিপির জেলা ও মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণার কাজ শুরু হবে। আগামী তিন দিনের মধ্যে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আহ্বায়ক কমিটি গঠনের পরিকল্পনাও রয়েছে।
এ ছাড়া ১৫ নভেম্বরের মধ্যে দেশের সব জেলা ও মহানগরে এবং ৩০ ডিসেম্বরের মধ্যে প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ দেন সারজিস আলম।
সভায় আরও উপস্থিত ছিলেন দলের সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদসহ কেন্দ্রীয় নেতারা।
এমবি এইচআর

