মদিনার ইসলামের পথে আহ্বান, জামায়াতে ভোট দেয়া ‘জায়েজ নাই’ মন্তব্য মুফতি মনির হোসাইন কাসেমীর

জমিয়তে উলামায়ে ইসলামের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি মনির হোসাইন কাসেমী বলেছেন, ইসলাম আমাদের প্রাণের স্পন্দন, আমরা ইসলামের জন্য মরতেও প্রস্তুত। তবে সেই ইসলাম হতে হবে মদীনার ইসলাম, কোনো রাজনৈতিক ইসলামের সংস্করণ নয়।

Oct 25, 2025 - 15:25
Oct 25, 2025 - 15:34
 0  3
মদিনার ইসলামের পথে আহ্বান, জামায়াতে ভোট দেয়া ‘জায়েজ নাই’ মন্তব্য মুফতি মনির হোসাইন কাসেমীর
ছবি-সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

জমিয়তে উলামায়ে ইসলামের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি মনির হোসাইন কাসেমী বলেছেন, ইসলাম আমাদের প্রাণের স্পন্দন, আমরা ইসলামের জন্য মরতেও প্রস্তুত। তবে সেই ইসলাম হতে হবে মদীনার ইসলাম, কোনো রাজনৈতিক ইসলামের সংস্করণ নয়।

শুক্রবার বিকেলে কাসেমী পরিষদের উদ্যোগে কুতুবপুর ইউনিয়নের লামাপাড়া এলাকায় আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আয়োজিত এই সভায় তিনি বলেন, ৮০০ গ্রামের জামায়াতে ইসলামীকে পছন্দ করি না, তাদের ভোট দেওয়া শরিয়তসম্মত নয়।

মুফতি কাসেমী বলেন, নির্বাচনের সময় অনেক ইসলামী দলের প্রার্থী নিজেদের স্বার্থে ধর্মকে ব্যবহার করে, কেউ কেউ এমনকি রোজা ও পূজা এক করে ফেলে, আবার কেউ মন্দিরে গীতা পাঠ করে। এভাবে ইসলামকে রাজনীতির হাতিয়ার বানানো কখনোই গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, পাল্লা ন্যায় ও ইনসাফের প্রতীক হলেও অসাধু ব্যবসায়ীরা একই পাল্লায় কম ওজনের মাধ্যমে মানুষকে ঠকায়। আমরা ন্যায় চাই, কিন্তু প্রতারণার পাল্লাকে সমর্থন করতে পারি না।

নারায়ণগঞ্জের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, আগের জনপ্রতিনিধিরা এলাকার সমস্যাগুলোর সমাধান করতে ব্যর্থ হয়েছেন। সামান্য বৃষ্টিতেই ফতুল্লা ডুবে যায়। জনগণ যদি আমাদের সুযোগ দেয়, তবে আগামী পাঁচ বছরে জলাবদ্ধতা, গ্যাস ও বিদ্যুতের সমস্যার স্থায়ী সমাধান করা হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলামের সহকারী মহাসচিব মুফতি বশির উল্লাহ, জেলা সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান, মহানগর সভাপতি মাওলানা কামাল উদ্দিন দায়েমী, ফতুল্লা থানা সভাপতি মাওলানা মোফাজ্জল বিন মাহফুজসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এমবি এইচআর