ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দল নিয়ে বৃহৎ জোট গঠনের প্রস্তুতিতে বিএনপি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে থাকা সব রাজনৈতিক দলকে নিয়ে বৃহত্তর জোট গঠনের পরিকল্পনা করছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বিএনপি গণতন্ত্র ও স্বাধীনতার পক্ষে থাকা সব দলের ঐক্য বজায় রাখতে চায়।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ

সোমবার (২৭ অক্টোবর) যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান।
তিনি বলেন, বিএনপি ফ্যাসিবাদবিরোধী ঐক্যকে সুসংহত ও কার্যকর রাখতে চায়। এজন্য দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সহযোগী ও সমমনা রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ এড়িয়ে ঐক্যের ভিত্তি আরও মজবুত করার ওপর জোর দিচ্ছে দলটি।
সালাহউদ্দিন আহমদ আরও জানান, আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে সারাদেশের প্রার্থীদের সঙ্গে হাইকমান্ডের ধারাবাহিক বৈঠক চলছে। এসব বৈঠকের উদ্দেশ্য হলো সংগঠনকে ঐক্যবদ্ধ রাখা ও কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনা পৌঁছে দেওয়া।
বিএনপির এই নেতা বলেন, আগামী বাংলাদেশ হবে তারুণ্যনির্ভর। তরুণ-যুব সমাজের রাজনৈতিক চিন্তা ও প্রত্যাশাকে কেন্দ্র করে ভবিষ্যৎ কর্মসূচি প্রণয়ন করবে বিএনপি।
তিনি আরও বলেন, দলটি বিশ্বাস করে— যুবসমাজই পারে গণতন্ত্র পুনরুদ্ধার ও রাষ্ট্রের কাঙ্ক্ষিত পরিবর্তনের নেতৃত্ব দিতে।
এমবি এইচআর