একাত্তরকে সম্পত্তি বানিয়ে রাজনৈতিক শিল্পে পরিণত করেছে আ.লীগ : শিবির সভাপতি
মেঘনাবার্তা প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম অভিযোগ করেছেন, আওয়ামী লীগ একাত্তরকে নিজেদের সম্পত্তি বানিয়ে একে রাজনৈতিক শিল্পে পরিণত করেছে। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে রংপুর কারমাইকেল কলেজে ছাত্রশিবির আয়োজিত নবীনবরণ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
জাহিদুল ইসলাম বলেন, একাত্তর আমাদের জাতীয় ইতিহাস ও গৌরবের অংশ—এটি কোনো দলের একার সম্পত্তি নয়। যারা পাকিস্তানের বৈষম্যের বিরুদ্ধে লড়েছিলেন, তাদের স্বপ্ন ছিল ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া। কিন্তু স্বাধীনতার পর ক্ষমতাসীনরা পাকিস্তানি শাসকদের চেয়েও বড় স্বৈরশাসকে পরিণত হয়েছেন।
তিনি আরও বলেন, দেশের ছাত্র রাজনীতির অচলাবস্থা কাটতে শুরু করেছে। ইতোমধ্যে চারটি বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ নির্বাচন হয়েছে, যা ইতিবাচক দৃষ্টান্ত। শিক্ষার্থীরা এখন ফ্যাসিবাদমুক্ত, অংশগ্রহণমূলক ও আদর্শভিত্তিক রাজনীতি চায়।
শিবির সভাপতি জানান, প্রশাসন চাইলে ছাত্রশিবির দায়িত্বশীলভাবে সহযোগিতা করবে, তবে প্রক্রিয়াটি যেন স্বচ্ছ ও আইনসম্মতভাবে সম্পন্ন হয়—এটাই তাদের প্রত্যাশা।
অনুষ্ঠানে রংপুর মহানগর ছাত্রশিবিরের সভাপতি নুরুল হুদার সভাপতিত্বে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, ছাত্রশিবিরের কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক আরমান পাটোয়ারীসহ সংগঠনের অন্যান্য নেতারা।
এমবি/এসআর

