বিএনপির সিদ্ধান্ত স্পষ্ট, জাতীয় নির্বাচনের দিনেই গণভোট হতে হবে: আমীর খসরু

Oct 28, 2025 - 17:22
 0  3
বিএনপির সিদ্ধান্ত স্পষ্ট, জাতীয় নির্বাচনের দিনেই গণভোট হতে হবে:  আমীর খসরু

মেঘনাবার্তা প্রতিনিধি: গণভোটের বিষয়ে বিএনপির অবস্থান স্পষ্ট জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জাতীয় নির্বাচনের দিনেই গণভোট হতে হবে। এ বিষয়ে নতুন করে কোনো আলোচনার সুযোগ নেই বলেও তিনি মন্তব্য করেন।

আজ মঙ্গলবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

আমীর খসরু বলেন, “তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। পাশাপাশি নির্বাচন কমিশনকে কার্যকর করতে হলে তত্ত্বাবধায়ক ব্যবস্থার বিকল্প নেই।”

তিনি আরও বলেন, “গণভোট ও জাতীয় নির্বাচন নিয়ে নতুন কোনো আলোচনার সুযোগ নেই। একই দিনে ভোট হবে। এতে বিএনপির অবস্থান পরিবর্তন হবে না।”

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি জানান, আলোচনায় নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন এবং কার্যকর নির্বাচন কমিশন গঠনের বিষয়টি গুরুত্ব পেয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, “এটা খুবই পরিষ্কার যে তিনি অচিরেই দেশে ফিরবেন।”

এমবি/এসআর