সংস্কারের পর নির্বাচনে ব্যত্যয় হলে দায় বর্তাবে ইউনূস সরকারের ওপর: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রয়োজনীয় সংস্কারের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে ব্যত্যয় হলে এর দায় ড. মুহাম্মদ ইউনূস সরকারের ওপরই বর্তাবে।

Oct 29, 2025 - 16:55
 0  2
সংস্কারের পর নির্বাচনে ব্যত্যয় হলে দায় বর্তাবে ইউনূস সরকারের ওপর: মির্জা ফখরুল
ছবি, সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রয়োজনীয় সংস্কারের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে ব্যত্যয় হলে এর দায় ড. মুহাম্মদ ইউনূস সরকারের ওপরই বর্তাবে।

বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, ড. ইউনূস জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ এবং তিনি যতটুকু সংস্কার দরকার, তা গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে বাস্তবায়ন করবেন। নির্বাচনের মাধ্যমে যে পার্লামেন্ট আসবে, তারা দেশের সংকট সমাধান করবে। তাই নির্বাচনে কোনো ব্যত্যয় ঘটলে দায়ভার পুরোপুরি ইউনূস সরকারের উপরই হবে।

তিনি উল্লেখ করেন, ঐকমত্য কমিশনে বিএনপি যে বিষয়গুলোর সঙ্গে একমত ছিল না, সেখানে নোট অব ডিসেন্ট দেওয়ার প্রতিশ্রুতি ছিল। কিন্তু প্রকাশিত সুপারিশে সেই নোটগুলো উপেক্ষা করা হয়েছে। মির্জা ফখরুল বলেন, এটি ঐকমত্য নয়, বরং জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণা।

মির্জা ফখরুল আরও বলেন, গ্রহণযোগ্য নির্বাচনে জনগণের সংসদ তৈরি হলে যে সংস্কার প্রস্তাব করা হয়েছে, তা বাস্তবায়ন হবে। তবে নির্বাচন যত দেরি হচ্ছে, ফ্যাসিবাদ শক্তি তত শক্তিশালী হচ্ছে। তাই দ্রুত সব দলের একমত ও দ্বিমত পোষণকৃত বিষয় নিয়ে নির্বাচন আয়োজন হওয়া উচিত।

তিনি বিএনপির অবস্থান স্পষ্ট করে বলেন, বিএনপি কখনো সংস্কারবিরোধী নয়, তবে কিছু পক্ষ বিএনপিকে সংস্কারবিরোধী হিসেবে প্রচার করছে। তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর স্বৈরাচারী শাসন থেকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং মিডিয়ার স্বাধীনতা নিশ্চিত করার বিএনপির অবদানও স্মরণ করান।

এমবি এইচআর