‘শাপলা কলি’ নয়, মূল ‘শাপলা’ প্রতীকেই অনড় এনসিপি
নির্বাচন কমিশনের (ইসি) প্রতীকের তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত হওয়ার পর অসন্তোষ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি বলেছে, তারা ‘শাপলা কলি’ নয়, কেবল ‘শাপলা’ প্রতীকই চায়।
মেঘনাবার্তা প্রতিনিধি:
নির্বাচন কমিশনের (ইসি) প্রতীকের তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত হওয়ার পর অসন্তোষ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি বলেছে, তারা ‘শাপলা কলি’ নয়, কেবল ‘শাপলা’ প্রতীকই চায়।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ইসির প্রজ্ঞাপনের পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা বলেন, “আমরা শাপলা কলি নয়, শাপলা প্রতীক চাই। ইসি আগে বলেছিল শাপলা অন্তর্ভুক্ত করা সম্ভব নয়, কিন্তু এখন যেহেতু শাপলা কলি যুক্ত করা হয়েছে, তাহলে শাপলাও অন্তর্ভুক্ত করা সম্ভব।”
তিনি আরও বলেন, “আমরা কলি নয়, শুধু শাপলাই চাই—এর বিকল্প আমরা বিবেচনা করছি না।”
এর আগে বৃহস্পতিবার দুপুরে ইসি তালিকায় ‘শাপলা কলি’ প্রতীক যুক্ত করে প্রজ্ঞাপন জারি করে। এতে কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সই করেন। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সংবিধানের ৯৪ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ সংশোধন করে এই প্রতীক অন্তর্ভুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশের পর থেকেই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘শাপলা’ প্রতীক দাবি করে আসছে। তারা বারবার জানিয়েছিল, শাপলা প্রতীক ছাড়া দলটি নিবন্ধন গ্রহণ করবে না। ইসির সিদ্ধান্তে ‘শাপলা কলি’ যুক্ত হলেও এনসিপি এখনো মূল ‘শাপলা’ প্রতীকে অনড় অবস্থানে রয়েছে।
এমবি এইচআর

