নতুন নেতৃত্বে এনসিপির ছাত্রসংগঠন, সভাপতি জাহিদ সা: সম্পাদক আবু বাকের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কমিটি ঘোষণা করা হয়েছে।

Oct 31, 2025 - 23:33
 0  2
নতুন নেতৃত্বে এনসিপির ছাত্রসংগঠন,  সভাপতি জাহিদ সা: সম্পাদক আবু বাকের
ছবি-সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধি:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে কেন্দ্রীয় পর্যায়ে সভাপতি হয়েছেন জাহিদ আহসান, আর সাধারণ সম্পাদক হয়েছেন আবু বাকের মজুমদার। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখায় সভাপতি হয়েছেন তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী এবং সাধারণ সম্পাদক আল আমিন সরকার।

শুক্রবার (৩১ অক্টোবর) রাত ১০টায় এই দুই কমিটি ঘোষণা করা হয়। এক সপ্তাহ আগেই বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) থেকে নাম পরিবর্তন করে সংগঠনটি নতুন নামে আত্মপ্রকাশ করে — জাতীয় ছাত্রশক্তি। নাম পরিবর্তনের পর এটি সংগঠনের প্রথম আনুষ্ঠানিক কমিটি ঘোষণা।

চার সদস্যের কেন্দ্রীয় আংশিক কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দুইজন—উত্তরাঞ্চলের সাংগঠনিক সম্পাদক আবু তৌহিদ মো. সিয়াম (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়) এবং দক্ষিণাঞ্চলের সাংগঠনিক সম্পাদক মহির আলম (ঢাকা বিশ্ববিদ্যালয়)। আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটিতেও রয়েছে তিন সদস্য। সভাপতি তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী, সাধারণ সম্পাদক আল আমিন সরকার, আর সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. সাইফুল্লাহ। তাঁদেরকেও সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

নবনির্বাচিত সভাপতি জাহিদ আহসান পূর্বে বাগছাসের কেন্দ্রীয় সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন, আর আবু বাকের মজুমদার ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক। নতুন কমিটির দায়িত্ব পাওয়ার পর তাঁরা জানান, “জাতীয় ছাত্রশক্তি এনসিপির আদর্শ বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখবে এবং শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক চেতনা জাগিয়ে তুলবে।”

উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত অনেকেই পূর্বে গণতান্ত্রিক ছাত্রশক্তি বা গণতান্ত্রিক ছাত্রসংসদ–এর রাজনীতিতে সক্রিয় ছিলেন। তবে ডাকসু নির্বাচনে সংগঠনটির ভরাডুবির পর এনসিপির পরামর্শে নাম ও কাঠামো পরিবর্তন করে নতুনভাবে আত্মপ্রকাশ করে জাতীয় ছাত্রশক্তি।

এমবি এইচআর