দেশের সমস্যা সমাধানে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান হাসনাত আবদুল্লাহর
দেশের সমস্যা সমাধানে জনগণের সাহায্য ও সহযোগিতা চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
দেশের সমস্যা সমাধানে জনগণের সাহায্য ও সহযোগিতা চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। রোববার (০২ নভেম্বর) সকালে কলাপাড়ার পাখিমারা বাজারে কৃষকদের উৎপাদিত সবজি বাগান সরাসরি পরিদর্শন ও কৃষকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই আহ্বান জানান।
তিনি বলেন, "আমরা যেন আপনাদের সমস্যাগুলো সমাধানে কাজ করতে পারি। সেজন্য আপনারা আমাদের পাশে থাকবেন। আমরাও পাশে আছি, থাকব।"
ভোরের আলো ফুটতে না ফুটতেই কৃষকরা হাসনাতকে দেখতে ভিড় জমায়। অনেকেই সেলফি তুলতে ব্যস্ত ছিলেন।
এ সময় এনসিপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম শাহিন, যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত, যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন, কেন্দ্রীয় সদস্য ও প্রধান সমন্বয়কারী আবু সাঈদ মুসা, কেন্দ্রীয় সদস্য রফিকুল ইসলাম কনকসহ জেলা ও কেন্দ্রীয় কমিটির অন্য নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে শনিবার (০১ নভেম্বর) এনসিপির পটুয়াখালী জেলা কমিটির সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসনাত আবদুল্লাহ এবং রাতের জন্য কুয়াকাটায় অবস্থান করেন।
এমবি এইচআর

