ছাত্র সমাজ হেলমেট বাহিনীর মতো রাজনীতি চায় না: এ্যানি
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, অতীতে একটি ছাত্র রাজনৈতিক দল ছিল যারা সাধারণ শিক্ষার্থীদের মতামত উপেক্ষা করে রাজনীতি করেছে। তারা ছাত্র সমাজের কাছে ‘হেলমেট বাহিনী’ নামে পরিচিত ছিল।
মেঘনাবার্তা প্রতিনিধি
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, অতীতে একটি ছাত্র রাজনৈতিক দল ছিল যারা সাধারণ শিক্ষার্থীদের মতামত উপেক্ষা করে রাজনীতি করেছে। তারা ছাত্র সমাজের কাছে ‘হেলমেট বাহিনী’ নামে পরিচিত ছিল। বর্তমান প্রজন্ম সেই ধরনের রাজনীতি চায় না, তারা চায় শিক্ষার্থীবান্ধব ও নীতিনিষ্ঠ রাজনীতি।
রোববার (২ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল আয়োজিত নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ্যানি বলেন, “জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের রাজনীতিতে যুক্ত করতে কাজ করে। ছাত্রদলের অভিভাবক তারেক রহমান সবসময় সংগঠনের কর্মকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। তাই এখানে হেলমেট বাহিনীর মতো রাজনীতি করার কোনো সুযোগ নেই।”
তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে ছাত্রদল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, অসংখ্য নেতা-কর্মী আহত হয়েছেন, ১৪৮ জন শহীদ হয়েছেন। ছাত্রদল শুধু জুলাই আন্দোলনেই নয়, ফ্যাসিস্ট শাসনবিরোধী সব আন্দোলনে রাজপথে ছিল এবং থাকবে।
ছাত্র সমাজের সঙ্গে সংযোগের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “কয়েকটি ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের আস্থা হারালেও এখন ছাত্রদল নতুনভাবে সংগঠিত হচ্ছে। আগামী দিনে প্রতিটি ক্যাম্পাসেই ছাত্রদল একক ম্যান্ডেট পাবে।”
নেতাকর্মীদের উদ্দেশে এ্যানি বলেন, “ছাত্রদের কল্যাণে কাজ করতে হবে, তাদের মনোভাব বুঝে রাজনীতি করতে হবে। হেলমেট রাজনীতির যুগ শেষ, এখন সময় শিক্ষার্থীদের জন্য নতুন রাজনীতি গড়ে তোলার।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ ছাত্রদলের আহ্বায়ক মেহেরাব হোসেন এবং সঞ্চালনা করেন সদস্য সচিব রিকু পাটোয়ারী। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিত।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান হাছিব, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহীম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক এম ইউছুপ ভূঁইয়াসহ স্থানীয় নেতারা।
এমবি এইচআর

