ধানের শীষ-শাপলা কলির হাড্ডাহাড্ডি লড়াই হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
মেঘনাবার্তা প্রতিনিধি: ধানের শীষ ও শাপলা কলির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
রোববার (২ নভেম্বর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন। তিনি জানান, শেষ পর্যন্ত প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ গ্রহণে রাজি হয়েছে এনসিপি।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “দেশবাসীর মধ্যে আমরা শাপলা নিয়ে ইতিবাচক সাড়া পেয়েছি। এবার সেটি আরও এক ধাপ এগিয়েছে—শাপলা কলি। আমরা বিষয়টিকে ইতিবাচকভাবে নিয়েছি এবং আশা করছি দ্রুতই নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করবে ইসি।”
তিনি আরও বলেন, “আগামী নির্বাচনে ধানের শীষ ও শাপলা কলির হাড্ডাহাড্ডি লড়াই হবে। আমরা নির্বাচনী প্রস্তুতি শুরু করেছি এবং ফেব্রুয়ারির নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুত হচ্ছি।”
এনসিপি নেতা জানান, প্রতীক নির্ধারণের বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে তাদের আলোচনা ইতিবাচক ছিল। “আমরা চাই, ভোটের মাধ্যমে জনগণ সিদ্ধান্ত দিক—কারা এই দেশের নেতৃত্ব দেবে,” বলেন তিনি।
এমবি/এসআর

