বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক পদে ইস্তফা দিলেন হাসান ইনাম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি চেয়েছেন হাসান ইনাম। তিনি রবিবার সংগঠনের সভাপতি রিফাত রশিদের কাছে আনুষ্ঠানিকভাবে ইস্তফাপত্র জমা দেন।

Nov 2, 2025 - 21:03
 0  2
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক পদে ইস্তফা দিলেন হাসান ইনাম
ছবি-সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি চেয়েছেন হাসান ইনাম। তিনি রবিবার সংগঠনের সভাপতি রিফাত রশিদের কাছে আনুষ্ঠানিকভাবে ইস্তফাপত্র জমা দেন।

ইস্তফাপত্রে হাসান ইনাম লিখেছেন— “আমি গত চার মাস ধরে জুলাই গণ-অভ্যুত্থানের সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করেছি। সংগঠনকে বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক পরিসরে তুলে ধরতে একদল কর্মঠ কর্মী নিয়ে নিরলসভাবে কাজ করেছি।”

তিনি আরও উল্লেখ করেন, “জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকে আজ অবধি বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত থেকে আমি শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েছি। সংগঠনের নতুন সিদ্ধান্ত অনুযায়ী সারা দেশের সব কমিটি পুনর্গঠনের ঘোষণা দেখার পর মনে হয়েছে, এই মুহূর্তে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের মতো মানসিক অবস্থায় আমি নেই। তাই স্বেচ্ছায় এই পদ থেকে ইস্তফা নিচ্ছি।”

ইস্তফাপত্রে তিনি আরও জানান, “জুলাইকে সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনে স্থায়ীভাবে প্রতিষ্ঠার লক্ষ্যে আমার লড়াই অব্যাহত থাকবে। তবে সংগঠনের সাধারণ সম্পাদক না হলেও অন্য কোনোভাবে বা বেনামে এ সংশ্লিষ্ট কর্মকাণ্ডে যুক্ত থাকতে চাই।”

একই সঙ্গে হাসান ইনাম প্রস্তাব করেন, শূন্য পদে বর্তমান সাংগঠনিক সম্পাদক মুঈনুল ইসলামকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়ার জন্য।

এমবি এইচআর