দিনাজপুর থেকে খালেদা জিয়া, বগুড়ায় প্রার্থী হচ্ছেন তারেক রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। সোমবার (৩ নভেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন।

Nov 3, 2025 - 18:22
Nov 3, 2025 - 18:43
 0  3
দিনাজপুর থেকে খালেদা জিয়া, বগুড়ায় প্রার্থী হচ্ছেন তারেক রহমান
ছবি, সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭ আসনে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৩ নভেম্বর) দুপুরে গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঘোষণা অনুযায়ী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দিনাজপুর-৩ এবং বগুড়া-৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেও ঠাকুরগাঁও-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

মির্জা ফখরুল বলেন, “এটি সম্ভাব্য তালিকা হলেও আমরা এটিকে সবচেয়ে উপযুক্ত হিসেবে বিবেচনা করছি। প্রয়োজনে কিছু আসনে পরিবর্তন আসতে পারে।”

প্রার্থী ঘোষণার আগে দুপুর সাড়ে ১২টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের অংশগ্রহণে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী চলা বৈঠকে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে প্রার্থী চূড়ান্তকরণ ছাড়াও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনকেন্দ্রিক কৌশল নিয়ে আলোচনা হয়।

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে ডিসেম্বরের শুরুর দিকে নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, নজরুল ইসলাম খান, এ জেড এম জাহিদ হোসেন, মির্জা আব্বাস, হাফিজ উদ্দিন আহমেদসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া বিএনপির সাংগঠনিক ও সহসাংগঠনিক সম্পাদকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এমবি এইচআর