গাজীপুরের চারটি আসনে বিএনপির প্রার্থী যারা

Nov 4, 2025 - 10:44
 0  8
গাজীপুরের চারটি আসনে বিএনপির প্রার্থী যারা

মেঘনাবার্তা প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর জেলার চারটি গুরুত্বপূর্ণ আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি।

সোমবার (৩ নভেম্বর) দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এ তালিকা প্রকাশ করেন।

ঘোষিত তালিকা অনুযায়ী—
🔸 গাজীপুর-২ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি। তিনি সাবেক মন্ত্রী ও গাজীপুর সিটির সাবেক মেয়র অধ্যাপক এম এ মান্নানের ছেলে।
দলীয় সূত্রে জানা যায়, মহানগর বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা ও দক্ষতার কারণেই তাকে এই আসনে মনোনয়ন দেওয়া হয়েছে।

🔸 গাজীপুর-৩ আসনে প্রার্থী হয়েছেন বিএনপির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। তিনি চিকিৎসক হিসেবে সুনাম অর্জনের পাশাপাশি দলের আন্দোলন-সংগ্রামে দীর্ঘদিন সম্পৃক্ত ছিলেন।

🔸 গাজীপুর-৪ আসনে মনোনয়ন পেয়েছেন জেলা আহ্বায়ক কমিটির প্রভাবশালী নেতা শাহ রিয়াজুল হান্নান। তিনি বিএনপির প্রয়াত স্থায়ী কমিটির সদস্য আ.স.ম. হান্নান শাহের ছেলে। দীর্ঘদিন এলাকায় সক্রিয় রাজনীতিতে থাকার কারণে দলীয় কেন্দ্র তার প্রতি আস্থা রেখেছে।

🔸 গাজীপুর-৫ আসনে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলনের নাম। তিনি দলীয় রাজনীতিতে দীর্ঘ অভিজ্ঞ ও তৃণমূল পর্যায়ে জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত।

গাজীপুরে মোট ছয়টি সংসদীয় আসন থাকলেও এবারে চারটি আসনের প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি।
গাজীপুর-১ ও গাজীপুর-৬ আসনের প্রার্থী এখনও ঘোষণা করা হয়নি।
দলীয় মহাসচিব জানিয়েছেন, এসব আসনের চূড়ান্ত নাম শিগগিরই প্রকাশ করা হবে।

গাজীপুরে বিএনপির প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন উচ্ছ্বাস দেখা দিয়েছে। মনোনীত প্রার্থীদের স্বাগত জানিয়ে নেতাকর্মীরা নির্বাচনি মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন।

এমবি/এসআর