নিবন্ধন না পেয়ে ইসির সামনে আমরণ অনশনে ‘আমজনতার দল’-এর তারেক
মেঘনাবার্তা প্রতিনিধি: নিবন্ধন না পেয়ে নির্বাচন কমিশনের (ইসি) সামনে আমরণ অনশন শুরু করেছেন ‘আমজনতার দল’-এর সদস্য সচিব তারেক রহমান। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকাল চারটার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের প্রধান ফটকের সামনে তিনি এই অনশন শুরু করেন।
এর আগে বিকেলে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ঘোষণা দেন, তিনটি নতুন দল—জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী) এবং বাংলাদেশ আম জনগণ পার্টিকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই তালিকায় নাম না থাকায় ক্ষোভ প্রকাশ করেন ‘আমজনতার দল’-এর নেতা তারেক রহমান।
অনশনস্থলে তিনি সাংবাদিকদের বলেন, “আমাদের দলের নিবন্ধন হয়নি বলে এখানে অনশনে বসেছি। এখন আমরা কোর্টে যাব নাকি কী করব—বুঝতে পারছি না। ওনারা (ইসি) আমাদের কথা শোনেন না। গেলে পিএস দিয়ে বিদায় করে দেন, বলেন ‘স্যার নিবন্ধন নিয়ে কিছু বলবেন না।’”
তিনি অভিযোগ করে আরও বলেন, “আমরা ছোট দল, শর্তগুলো যতটুকু সম্ভব পূরণ করেছি। কিন্তু তাদের পছন্দ হয়নি—কারণ আমাদের টিনের ঘর, বেড়ার ঘর। টাকার অভাবই আমাদের অপরাধ। অথচ ডেসটিনির মতো এমএলএম ব্যবসায়ী প্রতিষ্ঠানকেই তারা দল হিসেবে নিবন্ধন দিচ্ছে। আমরা রাজনীতি করি, কিন্তু টাকার অভাবে আমাদের বাদ দেওয়া হচ্ছে।”
কতদিন অনশন চালিয়ে যাবেন—জানতে চাইলে তারেক রহমান বলেন, “যতক্ষণ না সমাধান হয়, ততক্ষণ অনশনে থাকব। যতক্ষণ দম আছে।”
ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, নির্বাচনী আইন অনুযায়ী যাচাই-বাছাই শেষে তিনটি দলকে প্রাথমিকভাবে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল (বুধবার) গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এরপর দাবি-আপত্তি নিষ্পত্তি করে চূড়ান্ত নিবন্ধন প্রদান করা হবে।
এমবি/এসআর

