‘বিএনপি এখনই খুনোখুনি শুরু করেছে, ক্ষমতায় গেলে কী হবে’ — ফয়জুল করীম
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, বিএনপি এখনো ক্ষমতায় আসেনি, তার আগেই খুনোখুনি শুরু করেছে।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, বিএনপি এখনো ক্ষমতায় আসেনি, তার আগেই খুনোখুনি শুরু করেছে। নিজেদের লোকজনের মধ্যেই খুনের ঘটনা ঘটছে। যারা নিজেদের মানুষকে হত্যা করে, তারা ক্ষমতায় গেলে দেশের সাধারণ মানুষ নিরাপদ থাকবে না।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে মুন্সীগঞ্জ শহরের পুরাতন কাচারি এলাকার ডিসি পার্ক সংলগ্ন প্রধান সড়কে ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত এক গণসমাবেশে তিনি এসব কথা বলেন।
নির্বাচনী ও সংস্কার দাবিতে গণসমাবেশ
জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন, উভয় কক্ষে পিআর পদ্ধতি, রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার এবং খুনিদের দৃশ্যমান বিচারের দাবিতে ইসলামী আন্দোলনের এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
মুফতি ফয়জুল করীম বলেন, দেশের মানুষ অতীতে বিএনপি ও আওয়ামী লীগ— দুই দলকেই ক্ষমতায় বসিয়েছে এবং তাদের পরীক্ষা করেছে। কিন্তু তারা বারবার ব্যর্থ হয়েছে। জিয়াউর রহমানের ভালো কাজের কারণে ১৯৯১ ও ২০০১ সালে খালেদা জিয়াকে ভোট দিয়েছিল মানুষ, কিন্তু তিনি ভালো কিছু করতে পারেননি। একইভাবে শেখ মুজিবুর রহমানের গুণের কারণে ১৯৯৬ সালে শেখ হাসিনাকে ক্ষমতায় এনেছিল জনগণ, কিন্তু দেশকে সঠিক পথে এগিয়ে নিতে পারেননি।
তিনি আরও বলেন, দুই দল মিলে দেশকে পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে। সব দলকে মানুষ পরীক্ষা করেছে। এখন সময় এসেছে ইসলামী আন্দোলনকে একবার সুযোগ দেওয়ার। এই দল দেশ ও জনগণের সেবায় বিশ্বাসী, দলীয় লুটপাটে নয়।
সভায় ইসলামী আন্দোলনের মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি শাহাদাত হোসেনের সভাপতিত্বে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমবি এইচআর

