হেনস্তা ও চুরির অভিযোগে কিশোরগঞ্জ ছাড়ছেন আইনজীবী ফয়জুল করিম
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আবেগঘন পোস্টের মাধ্যমে কিশোরগঞ্জ ছাড়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় আইনজীবী অ্যাডভোকেট ফয়জুল করিম। সাম্প্রতিক সময়ে তিনি হয়রানি, সম্মানহানি ও নিজের আইফোন ১৩ মডেলের মোবাইল ফোন চুরির মতো ঘটনার শিকার হয়েছেন বলে দাবি করেছেন।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আবেগঘন পোস্টের মাধ্যমে কিশোরগঞ্জ ছাড়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় আইনজীবী অ্যাডভোকেট ফয়জুল করিম। সাম্প্রতিক সময়ে তিনি হয়রানি, সম্মানহানি ও নিজের আইফোন ১৩ মডেলের মোবাইল ফোন চুরির মতো ঘটনার শিকার হয়েছেন বলে দাবি করেছেন।
শনিবার (৮ নভেম্বর) সকালে তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে অ্যাডভোকেট করিম লেখেন, “On the name of my Lord, Sorry Kishorgonj I am unable to stay here.” যার বাংলা অর্থ— “প্রভুর নামে বলছি, দুঃখিত কিশোরগঞ্জ, আমি এখানে থাকতে পারছি না।”
পোস্টে তিনি উল্লেখ করেন, গত কয়েকদিন ধরে তার নাম ও খ্যাতির ওপর আঘাত হানে এমন “বোকামিপূর্ণ” (stupidity) নানা ঘটনার সম্মুখীন হয়েছেন। তিনি আরও অভিযোগ করেন, তার দুটি ফোনেই নেটওয়ার্ক পাওয়া যাচ্ছিল না এবং এর মধ্যে একটি আইফোন ১৩ মডেলের ফোন চুরি হয়ে গেছে।
অ্যাডভোকেট ফয়জুল করিম জানান, এই পরিস্থিতিতে তিনি ও তার স্ত্রী কিশোরগঞ্জ ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে তাদের নয় বছর বয়সী সন্তানকে আপাতত তার নানার বাড়িতে (শ্বশুরবাড়ি) রেখে গেছেন। পোস্টের শেষে তিনি দুটি মোবাইল নম্বরও যুক্ত করেন— ০১৭১৫৫০৫৩০০ এবং ০১৭১১২৫৩২৪১।
তার এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই এতে তিন শতাধিক প্রতিক্রিয়া ও অর্ধশতাধিক মন্তব্য আসে। অনেকেই মন্তব্যে সমবেদনা জানান এবং ঘটনার বিস্তারিত জানতে চান।
তবে ঠিক কী ধরনের হেনস্তার শিকার তিনি হয়েছেন বা কারা এর সঙ্গে জড়িত, সে বিষয়ে পোস্টে কোনো বিস্তারিত তথ্য দেননি। এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করেও বিস্তারিত জানা যায়নি।
এমবি এইচআর

