এনসিপি নেতাদের দুর্নীতির নথি প্রকাশ করবেন: মুনতাসির
উপদেষ্টা মাহফুজ আলম এবং এনসিপি নেতাদের দুর্নীতির প্রমাণ ফাঁস করার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে স্থায়ী অব্যাহতি পাওয়া কেন্দ্রীয় সংগঠক মুনতাসির মাহমুদ।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
উপদেষ্টা মাহফুজ আলম এবং এনসিপি নেতাদের দুর্নীতির প্রমাণ ফাঁস করার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে স্থায়ী অব্যাহতি পাওয়া কেন্দ্রীয় সংগঠক মুনতাসির মাহমুদ। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে তিনি বলেন, কিছুদিন নীরব থাকলেও এখন উপদেষ্টা ও দলের শীর্ষ নেতাদের দুর্নীতির নথি প্রকাশের প্রস্তুতি নিচ্ছেন তিনি।
মুনতাসির জানান, ব্যক্তিগত মানসিক চাপে তিনি দীর্ঘদিন ঘুমাতে পারেননি। অবশেষে কিছুটা বিশ্রাম নেওয়ার পর তিনি জানিয়েছেন, তাঁর পাশে কেউ নেই, কোনো দল বা গোষ্ঠীর সহায়তাও পাচ্ছেন না। জামাত-শিবিরের পক্ষে পোস্ট দেওয়া নিয়ে অনেকে বিভ্রান্ত হলেও তিনি স্পষ্ট করেন—“জামাত থেকেও আমি কোনো সাপোর্ট পাইনি।”
তিনি বলেন, “সময় নিয়ে উপদেষ্টা মাহফুজ আলম ও এনসিপির নেতাদের দুর্নীতির প্রমাণ ফাঁস করব। প্রমাণের অভাব নেই, কিন্তু এগুলো গুছিয়ে তুলতে সময় লাগে।” একই সাথে তিনি অভিযোগ করেন, তাঁর নিরাপত্তাহীনতার পরিস্থিতি দিন দিন বাড়ছে এবং কয়েকজন উপদেষ্টা তাঁর বিরুদ্ধে সক্রিয়ভাবে কাজ করছেন।
মুনতাসির দাবি করেন, তাঁর ফেসবুক অ্যাকাউন্ট ইচ্ছাকৃতভাবে রেস্ট্রিকটেড করে দেওয়া হয়েছে, যার ফলে লাইভে দর্শক সংখ্যা ব্যাপকভাবে কমে গেছে। এটিকে তিনি “ক্ষমতার অপব্যবহার” বলে উল্লেখ করেন। তিনি বলেন, তাঁর কোনো টিম নেই; ভিডিও ধারণ থেকে এডিট, লাইভ পরিচালনা ও ইউটিউবে আপলোড—সবই নিজে করতে হয়।
সহযোগিতার অনুরোধ জানিয়ে তিনি বলেন, যাঁরা কাজগুলোতে সাহায্য করতে চান, তাঁরা যেন অযথা মেসেজ না করে প্রয়োজনীয় কারণ উল্লেখ করে যোগাযোগ করেন। নিজস্ব কাজের সুবিধার্থে একটি ভালো মোবাইল মাইক্রোফোন কেনার পরামর্শও চান তিনি। একইসঙ্গে নির্বাচনী ব্যানার–ফেস্টুন তৈরিতে আর্থিক সহায়তার কথাও উল্লেখ করেন।
শেষে তিনি বলেন, “সততা নিয়েই রাজনীতি হয়, দুর্নীতি ছাড়া রাজনীতি সম্ভব—এটা আমি প্রমাণ করব। অনেক ঘৃণার মাঝেও কিছু মানুষ আমাকে ভালোবাসেন, আমিও তাঁদের ভালোবাসি, ভালোবাসি বাংলাদেশ।”
এমবি এইচআর

