‘গণতান্ত্রিক সংস্কার জোট’-এর মুখপাত্র হলেন নাহিদ ইসলাম
তিনটি রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘গণতান্ত্রিক সংস্কার জোট’। রোববার ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে জোটটি তাদের কার্যক্রম ও ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান তুলে ধরে।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ

জোটে রয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ (এবি) পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন। সংবাদ সম্মেলনে জানানো হয়, জোটের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, বিভিন্ন পক্ষ সিটের লোভ দেখিয়ে নতুন নতুন জোটে নেওয়ার চেষ্টা করলেও তারা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, “এটি শুধু নির্বাচনী জোট নয়, একই সঙ্গে একটি রাজনৈতিক ঐক্য। আমরা একই প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেব। তারুণ্যের উত্থানের সঙ্গে জনগণও আমাদের পাশে থাকবে।”
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, দেশের মানুষ নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা ভাবছে, আর এই জোট সেই যাত্রারই সূচনা। তিনি অভিযোগ করে বলেন, প্রথাগত রাজনৈতিক দলগুলো বহু চেষ্টা করেও বর্তমান শাসনব্যবস্থার ফ্যাসিবাদী দমন-পীড়ন মোকাবিলা করতে পারেনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান নেতা হাসনাত কাইয়ুম, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, সংগঠক সারজিস আলমসহ জোটভুক্ত তিন দলের বিভিন্ন নেতৃবৃন্দ।
এমবি এইচআর