জনগণ দায়িত্ব দিলে দুর্নীতির বিরুদ্ধে আবারও লড়াই করবে বিএনপি: তারেক রহমান

জনগণ দায়িত্ব দিলে বিএনপি আবারও দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে নামবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

Dec 9, 2025 - 11:17
 0  2
জনগণ দায়িত্ব দিলে দুর্নীতির বিরুদ্ধে আবারও লড়াই করবে বিএনপি: তারেক রহমান
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

জনগণ দায়িত্ব দিলে বিএনপি আবারও দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে নামবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, দুর্নীতি দেশের অর্থনীতি ও জনজীবনকে পঙ্গু করে দিচ্ছে। চাকরি প্রার্থী গ্র্যাজুয়েট, কৃষক, রোগীর পরিবার কিংবা ব্যবসায়ী—সবার জীবনেই দুর্নীতির প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে।

তারেক রহমান জানান, খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি, শিক্ষা ব্যবস্থার দুর্বলতা, সড়ক নিরাপত্তাহীনতা—এসব সমস্যার মূল ভিত্তিতে রয়েছে দুর্নীতি। তার মতে, এটি লক্ষ মানুষের প্রতিদিনের জীবনকে দমবন্ধ করে ফেলেছে।

তিনি বলেন, বাংলাদেশে দুর্নীতিবিরোধী লড়াই নতুন নয়। অতীতে বিএনপি সরকারের আমলে প্রশাসনিক শৃঙ্খলা, আধুনিকায়ন, শক্তিশালী আর্থিক আইন, ক্রয় নীতিমালা, অডিট ব্যবস্থা ও নজরদারির মাধ্যমে পরিস্থিতির উন্নতি হয়েছিল। বিশেষ করে ২০০৪ সালে গঠিত দুর্নীতি দমন কমিশন (দুদক) দেশের জবাবদিহিতা বাড়াতে বড় ভূমিকা রাখে।

তারেক রহমানের মতে, টিআইবি ও আন্তর্জাতিক সংস্থাগুলোর মূল্যায়নেও বিএনপির শাসনামলে দুর্নীতি হ্রাসের প্রমাণ পাওয়া যায়। তিনি দাবি করেন, শক্তিশালী অর্থব্যবস্থা, স্বচ্ছ ক্রয় নীতি, বাজার উন্মুক্তকরণ ও প্রশাসনিক বিকেন্দ্রীকরণ—এসব ইতিবাচক পরিবর্তনের ধারক ছিল বিএনপি সরকার।

দুর্নীতিবিরোধী লড়াইয়ের জন্য বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনায় রয়েছে—প্রতিষ্ঠানের স্বাধীনতা নিশ্চিত করা, সম্পূর্ণ স্বচ্ছতা, দ্রুত বিচারব্যবস্থা, ই-গভর্ন্যান্স চালু, হুইসলব্লোয়ার সুরক্ষা, শিক্ষায় নৈতিকতা অন্তর্ভুক্তি এবং ডিজিটাল আর্থিক নজরদারি।

তারেক রহমান বলেন, দীর্ঘ অব্যবস্থাপনার কারণে দুর্নীতিবিরোধী লড়াই কঠিন হবে। তবে সৎ নেতৃত্ব, শৃঙ্খলা ও জনগণের সমর্থন থাকলে পরিবর্তন সম্ভব। তিনি জানান, জনগণ দায়িত্ব দিলে দল আবারও সেই লড়াইয়ের নেতৃত্ব দিতে প্রস্তুত।

এমবি এইচআর